Advertisement
Us Bangla Airlines
গেইলের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

খেলা ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ২২:৪৩

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন ভারতের ১৪ বছর বয়সী তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। কিংবদন্তি ওপেনার ক্রিস গেইলের করা ১৭৫ রানের ইনিংসকেই নিজের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি দিল্লিতে আয়োজিত ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের এই ইচ্ছার কথা জানান সূর্যবংশী। 

অনুষ্ঠানের সঞ্চালক হার্শা ভোগলে তাকে প্রশ্ন করেছিলেন, আইপিএলের দ্রুততম সেঞ্চুরি, এক ওভারে ছয় ছক্কা নাকি সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড—কোনটি ভাঙতে চান? জবাবে বিন্দুমাত্র দ্বিধা না রেখে এই কিশোর ব্যাটার বলেন, গেইলের ১৭৫ রানের রেকর্ডই ভাঙতে চান তিনি।

২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। সেই বিধ্বংসী ইনিংসে ছিল ১৭টি ছক্কা ও ১৩টি চার। এখনো পর্যন্ত সেটিই আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, এমনকি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও এটি সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

অল্প বয়সেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন সূর্যবংশী। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড গড়েন তিনি। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও অবশ্য গেইলের। ২০১৩ সালের সেই ঐতিহাসিক ইনিংসে মাত্র ৩০ বলেই শতক পূর্ণ করেছিলেন ক্যারিবীয় এই তারকা।

এখনো ১৫ বছরও পূর্ণ হয়নি সূর্যবংশীর। তবু বয়সের তুলনায় তার পারফরম্যান্স বেশ চমকপ্রদ। প্রতিনিধিত্বমূলক ক্রিকেটে এখন পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টি ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন এই তরুণ ব্যাটার। ২০২৫ সালের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছিলেন ১৪৪ রানের ঝড়ো ইনিংস।

এমআই