Advertisement
Us Bangla Airlines
‘ইসরাইল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই’

‘ইসরাইল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই’

খেলা ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ২৩:০৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানি বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আফগান ক্রিকেটার নাভিন উল হক। মঙ্গলবার (১৭ মার্চ) কাবুলে এক ভয়াবহ হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। হামলার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাভিন লিখেছেন, ‘ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া কঠিন।’

এই হামলার ঘটনায় রশিদ খানও তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘কাবুলে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক হতাহতের সর্বশেষ খবরে আমি গভীরভাবে মর্মাহত। বেসামরিক মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো—ইচ্ছাকৃত হোক বা ভুলবশত, এটি সরাসরি যুদ্ধাপরাধ।’

এর আগে আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও হামলার নিন্দা জানিয়েছেন।

নবী জানিয়েছেন, ‘আজ রাতে কাবুলের একটি হাসপাতালে আশা নিভে গেল। পাকিস্তানি সামরিক বাহিনীর বোমা হামলায় চিকিৎসা নিতে আসা তরুণরা নিহত হয়েছেন। মায়েরা ফটকের বাইরে অপেক্ষা করছিলেন, ছেলেদের নাম ধরে ডাকছিলেন। ২৮ রমজানের রাতে তাদের জীবন অকালে শেষ হয়ে গেল।’

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হাসপাতালের প্রায় সব অংশ ধ্বংস হয়ে গেছে। তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কেবল সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে গত সপ্তাহেও কাবুলে পাকিস্তানি হামলার অভিযোগ উঠেছিল, জবাবে আফগানিস্তানও পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি জানিয়েছিল।

এমআই