বাংলাদেশ সফরে না আসার কারণ জানালেন ফখর জামান
খেলা ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১৩:৩১
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান দলে ছিলেন না ফখর জামান। বাঁহাতি এই ওপেনারকে ওয়ানডে দলে না নেওয়ায় হয়েছিল নানান আলোচনা। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান, নিজেই মুখ খুললেন ফখর জামান। কেন বাংলাদেশ সফরে দেখা যায়নি তাকে, সেই প্রশ্নের জবাব দিলেন সরাসরি।
ফখর জামানকে দলে না রাখার কারণ হিসেবে নির্বাচক আকিব জাভেদ জানিয়েছিলেন, চোটের কারণেই ফখরকে রাখা হয়নি। কিন্তু সিরিজ শেষ হতেই তাকে পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপে খেলতে দেখা গেলে শুরু হয় তুমুল আলোচনা। তাতেই ওঠেছে প্রশ্ন, ওয়ানডে সিরিজে না খেলে টি-২০ টুর্নামেন্টে খেলছেন কীভাবে?
এই বিতর্কের জবাব দিতে দেরি করেননি ফখর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, ‘আমি ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট ছিলাম না। সে কারণে দলে থাকিনি। ১৫ তারিখে ফিটনেস টেস্টে পাস করার পরই আমি আবার মাঠে ফিরেছি।’
অর্থাৎ, বাংলাদেশ সফরের সময় পুরোপুরি ফিট না থাকায় ওয়ানডে সিরিজে অংশ নেননি তিনি। পরে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই নেমেছেন কুড়ি ওভারের প্রতিযোগিতায় নেমেছেন এমনটাই স্পষ্ট করেছেন এই পাকিস্তানি ওপেনার।
তবে এর মধ্যেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তার অনুপস্থিতি নিয়ে। ফখরের এই ব্যাখ্যা সেই বিতর্কে খানিকটা হলেও পানি ঢেলেছে। উল্লেখ্য, এই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। ফখরের পাশাপাশি চোটের কারণে দলে ছিলেন না বাবর আজমও।
এমআই