Advertisement
Us Bangla Airlines
খেলার মাঝেই প্রাণ হারালেন ভারতের সাকিব

খেলার মাঝেই প্রাণ হারালেন ভারতের সাকিব

খেলা ডেস্ক

২৪ মার্চ ২০২৬, ২২:৪৬

ক্রিকেট মাঠে প্রতিদিনই জন্ম নেয় স্বপ্ন, কিন্তু কখনও কখনও সেই মাঠই হয়ে ওঠে শেষ ঠিকানা। ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে এমনই এক হৃদয়বিদারক ঘটনায় থেমে গেল ২২ বছর বয়সী তরুণ ক্রিকেটার সাকিবের জীবন। গত শুক্রবার হাফিজগঞ্জ এলাকার হরহরপুর মতকালী গ্রামে খেলতে গিয়ে প্রাণ হারান তিনি।

বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন ২২ বছর বয়সী সাকিব। প্রাণচাঞ্চল্যে ভরপুর ম্যাচের এক পর্যায়ে হঠাৎই বোলিং করতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট—জায়গা নেয় আতঙ্ক আর উৎকণ্ঠা। প্রত্যক্ষদর্শীরা জানান, লুটিয়ে পড়ার পরই শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দিল্লির একটি কলেজে বিএসসি পড়তেন সাকিব। চার ভাইয়ের মধ্যে তৃতীয় এই তরুণ ছোটবেলা থেকেই ক্রিকেটে ছিলেন ভীষণ আগ্রহী। এলাকায় একজন গতিময় পেসার হিসেবে পরিচিতি ছিল তার। স্থানীয় টুর্নামেন্টে নিয়মিত ডাক পেতেন, স্বপ্ন ছিল আরও বড় মঞ্চে নিজেকে তুলে ধরার।

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মাত্র সপ্তাহখানেক আগে গ্রামে ফিরেছিলেন তিনি। কিন্তু সেই ফেরা যে শেষ ফেরা হয়ে যাবে, তা কেউ কল্পনাও করেনি।

বেরেলি জেলা হাসপাতালের চিকিৎসকদের ধারণা, এটি সাধারণ হার্ট অ্যাটাক নয়; বরং ‘হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া’—যা চিকিৎসা পরিভাষায় সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট নামে পরিচিত। খেলাধুলার সময় হঠাৎ জ্ঞান হারানো, শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করার মতো উপসর্গকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এক সম্ভাবনাময় তরুণের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। মাঠে পড়ে থাকা সেই অসমাপ্ত ম্যাচ যেন মনে করিয়ে দেয়, জীবনের খেলায় কোনো আগাম সংকেত থাকে না।

এমআই