Advertisement
Us Bangla Airlines
পিএসএলে নতুন নিয়ম, এক ম্যাচে চার একাদশ!

পিএসএলে নতুন নিয়ম, এক ম্যাচে চার একাদশ!

খেলা ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ১৯:৩৯

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে দেখা গেল এক অভিনব দৃশ্য। শাহিন শাহ আফ্রিদি এবং মার্নাস লাবুশেন টস করতে নামলেন হাতে দুটি করে দল তালিকা নিয়ে! এক ম্যাচেই সম্ভাব্য চার একাদশ। ক্রিকেটপ্রেমীদের কৌতূহল জাগানো এই দৃশ্যই এখন পিএসএলের নতুন বাস্তবতা।

লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের অধিনায়করা টসের আগে জমা দিলেন দুটি ভিন্ন একাদশ। এরপর টসের ফল অনুযায়ী সেই তালিকা থেকেই বেছে নিলেন চূড়ান্ত দল। নিয়ম অনুযায়ী, টসের আগে দুই অধিনায়কই ম্যাচ রেফারির কাছে দুটি করে একাদশ জমা দিতে পারবেন, আর টসের পর স্বাক্ষর করে নির্ধারণ করবেন কোন একাদশ মাঠে নামবে।

পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ‘খেলোয়াড় মনোনয়ন এবং প্রতিস্থাপন’ ধারা অনুযায়ী, প্রতিটি একাদশে থাকতে হবে ১১ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ৪ জন বদলি ফিল্ডার। একবার চূড়ান্ত একাদশ নির্ধারিত হয়ে গেলে, প্রতিপক্ষ অধিনায়কের সম্মতি ছাড়া তা আর পরিবর্তন করা যাবে না।

রাতের শিশিরের কারণে পিএসএলে এই নতুন নিয়ম ঠাঁই পেয়েছে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল ভিজে যাওয়ায় স্পিনারদের গ্রিপ করা কঠিন হয়ে পড়ে, ফলে পরে বোলিং করা দলের জন্য পরিস্থিতি হয়ে ওঠে চ্যালেঞ্জিং। অনেক সময় টসই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।

সেই অসমতা কমাতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন দলগুলো পরিস্থিতি বুঝে কৌশল পাল্টাতে পারবে। প্রয়োজনে স্পিনারের বদলে পেসার, কিংবা ব্যাটিং গভীরতা বাড়াতে অতিরিক্ত ব্যাটার। অর্থাৎ, টসের পরও কৌশলগত লড়াইয়ে থাকছে নতুন মাত্রা।

তবে উদ্বোধনী ম্যাচে এই নিয়মের প্রভাব তেমন চোখে পড়েনি। মেঘলা আকাশ আর প্রবল বাতাসের কারণে শিশির বড় কোনো ভূমিকা রাখেনি। ম্যাচের ফলও হয়েছে একপেশে। লাহোর কালান্দার্সের ১৯৯ রানের জবাবে ১৩০ রানেই গুটিয়ে গেছে হায়দরাবাদ কিংসমেনের ইনিংস।

এমআই