Advertisement
Us Bangla Airlines
সুখবর পেলেন সাকিব আল হাসান

সুখবর পেলেন সাকিব আল হাসান

খেলা ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ২১:০৪

আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ, সবখানেই নিজের দাপট দেখিয়েছেন সাকিব আল হাসান। কখনো ব্যাট হাতে, কখনো বল হাতে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন তিনি। এবার সেই সাফল্যের মুকুটে যোগ হলো নতুন পালক। ক্রিকেটের মর্যাদাপূর্ণ সংস্থা উইজডেনের নির্বাচিত আইপিএলের সেরা একাদশে জায়গা পেয়েছেন এই তারকা অলরাউন্ডার।

উইজডেন সম্প্রতি আইপিএলে খেলা এশিয়ার ক্রিকেটারদের নিয়ে একটি সেরা একাদশ প্রকাশ করেছে। এই তালিকায় নেই কোনো ভারতীয় ক্রিকেটার। তবে সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাকিব, যা দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন। সাকিবের জন্য এমন অর্জন বড় সুখবরও বটে।

২০১১ থেকে ২০২১ পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচে সাকিব করেছেন ৭৯৩ রান। গড় ১৯ দশমিক ৮২, স্ট্রাইক রেট ১২৪ দশমিক ৪৮। তবে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি কার্যকর ছিলেন তিনি। ৭ দশমিক ৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট, যা তাঁকে করেছে নির্ভরযোগ্য পারফরমার।

এই একাদশে সবচেয়ে বেশি ক্রিকেটার শ্রীলঙ্কার। ছয়জনই লঙ্কান, পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন। ওপেনিংয়ে আছেন সনাথ জয়াসুরিয়া ও রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চার নম্বরে রয়েছেন কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে। পাঁচ নম্বরে ব্যাটিং করবেন সাকিব।

মিডল অর্ডারে আছেন আজহার মেহমুদ ও থিসারা পেরেরা। দুজনই ব্যাট ও বল হাতে সমানভাবে কার্যকর। বোলিং বিভাগে স্পিনে আছেন মুত্তিয়া মুরালিধরন ও রশিদ খান। পেস আক্রমণে রয়েছেন সোহেল তানভীর ও লাসিথ মালিঙ্গা, যারা আইপিএলে নিজেদের আলাদা করে চিনিয়েছেন।

২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে নামেননি সাকিব। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে নেই তিনি। সিপিএল, পিএসএল এবং কাউন্টি ক্রিকেটে নিয়মিত খেলছেন। প্রায় ১৭ মাস ধরে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা চলছে।

এমআই