Advertisement
Us Bangla Airlines
ইতিহাস গড়তে সামান্য দূরে মোস্তাফিজ

ইতিহাস গড়তে সামান্য দূরে মোস্তাফিজ

খেলা ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ২২:৫৪

নীরব ধারায় এগিয়ে চলা এক পেসারের সামনে এখন ইতিহাসের দুয়ার। মোস্তাফিজুর রহমান আর মাত্র এক উইকেট পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটে গড়বেন অনন্য এক কীর্তি। বর্তমানে এই ফরম্যাটে তাঁর উইকেট সংখ্যা ৪১৩। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের তালিকায় মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজের সঙ্গে তিনি এখন যৌথভাবে শীর্ষে আছেন।

গতি আর ধারাবাহিকতায় এ তালিকা মোস্তাফিজ অবশ্য আলাদা। এই মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছে মাত্র ৩২৩ ম্যাচ। যেখানে আমির খেলেছেন ৩৫৪ ম্যাচ, আর ওয়াহাব ৩৪৮ ম্যাচে ছুঁয়েছেন এই সংখ্যা। অর্থাৎ, এক উইকেট পেলেই শুধু শীর্ষে এককভাবে উঠে আসা নয়, সবচেয়ে দ্রুত এই রেকর্ড গড়ার কৃতিত্বও নিজের করে নেবেন তিনি।

৩০ বছর বয়সী এই পেসার আগামী রোববার লাহোর কালান্দার্সের হয়ে মৌসুমের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন। প্রতিপক্ষ করাচি কিংস। সেই ম্যাচেই ইতিহাস গড়ার হাতছানি মোস্তাফিজের সামনে। ডেভিড ওয়ার্নারদের বিপক্ষে মাত্র এক উইকেট শিকার করতে পারলেই বাঁহাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন তিনি।

আট বছর পর ফিরে চমক দেখালেন মোস্তাফিজ

অবশ্য ইতিহাস গড়লেও স্বস্তিতে থাকবেন না মোস্তাফিজ। কারণ, সমান উইকেট নিয়ে তার সঙ্গে লড়াইটা জমিয়ে তুলবেন মোহাম্মদ আমির। বর্তমানে এই দুই বাঁহাতি পেসার পিএসএলে ভিন্ন দলের হয়ে খেলছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমির বিদায় নিলেও জাতীয় দলে নিয়মিত মুখ মোস্তাফিজ। ফলে বাকিদের ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তিনি।

কাটারের কারুকাজে ব্যাটারদের ধোঁকা দেওয়াই মোস্তাফিজের সবচেয়ে বড় শক্তি। বছরের পর বছর টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন তিনি। চাপের মুহূর্তে বল হাতে জ্বলে ওঠা, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্স। সব মিলিয়ে মোস্তাফিজ এখন নির্ভরতার আরেক নাম।

এমআই