বাংলাদেশের বিপক্ষে খেলতে লোভনীয় অফার ছাড়ল অস্ট্রেলিয়ানরা
খেলা ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ২৩:০০
টাকার হাতছানি একদিকে, দেশের জার্সির টান অন্যদিকে। এই দ্বিধার লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে জাতীয় দলের মর্যাদাই। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডের মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলাকেই বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
এ তথ্য জানিয়েছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর কথায়, যারা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন, তারা কেউই দ্য হানড্রেডের নিলামে নাম দেননি। অর্থাৎ, অল্প সময়েই অন্তত আট কোটি টাকা আয়ের সুযোগ থাকলেও সেটিকে প্রাধান্য দেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
সূচির সংঘাতই তৈরি করেছিল এই কঠিন সিদ্ধান্তের পরিস্থিতি। জুলাইয়ের শেষদিকে শুরু হবে দ্য হানড্রেড, আর আগস্টের শুরুতেই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। ফলে একই সময়ে দুটি বড় মঞ্চে খেলার সুযোগ থাকায় ক্রিকেটারদের বেছে নিতে হয়েছে একটিই পথ।
একটি পডকাস্টে কামিন্স বলেন, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট এখনো দর্শক টানে এবং গুরুত্ব ধরে রেখেছে। তবে সব দেশের ক্ষেত্রে বাস্তবতা এক নয়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আর্থিক আকর্ষণ দিন দিন বাড়ছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
বাংলাদেশ সিরিজের উদাহরণ টেনে তিনি বলেন, কিছু খেলোয়াড় মাত্র কয়েক সপ্তাহের খেলায় বিপুল অর্থ আয়ের সুযোগ ছেড়ে দিচ্ছে, শুধুমাত্র দেশের হয়ে টেস্ট খেলার জন্য। তাঁর মতে, বিষয়টি এখনই এক ধরনের চাপ তৈরি করছে।
তবে সতর্ক বার্তাও দিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। আপাতত দেশের হয়ে খেলার আগ্রহই বেশি থাকলেও, ভবিষ্যতে এই ভারসাম্য বদলে যেতে পারে। অর্থের টান তখন আরও বড় হয়ে উঠতে পারে বলেই মনে করেন তিনি।
এমআই