Advertisement
Us Bangla Airlines
আইপিএল শুরুর দিনে বড় দুঃসংবাদ পেল চেন্নাই

আইপিএল শুরুর দিনে বড় দুঃসংবাদ পেল চেন্নাই

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ১৩:৩৮

আইপিএলের ঢাক বাজতেই যেখানে উত্তেজনায় টগবগ করছে ক্রিকেটবিশ্ব, ঠিক সেখানেই শুরুটা হলো হতাশার সুরে চেন্নাই সুপার কিংসের। নতুন মৌসুমের প্রথম দিনেই দলের সবচেয়ে বড় ভরসা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এলো দুঃসংবাদ। যা নিঃসন্দেহে ধাক্কা দেবে হলুদ শিবিরকে।

প্রতি আসরেই ধোনির অবসর নিয়ে গুঞ্জন ওঠে, আবার সেসব থামিয়ে ‘ক্যাপ্টেন কুল’ ফিরে আসেন মাঠে। এবারও ব্যতিক্রম হয়নি। চেন্নাইয়ের জার্সিতে আরেকটি মৌসুম খেলতে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু আইপিএল ২০২৬ শুরুর দিনেই জানা গেল, শুরুটা করা হচ্ছে না ধোনির।

চেন্নাই সুপার কিংস এক বার্তায় নিশ্চিত করেছে, মাংসপেশির চোটে (কাফ স্ট্রেইন) ভুগছেন ধোনি। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। ফলে আসরের প্রথম দুই সপ্তাহ তাকে ছাড়াই মাঠে নামতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির বার্তায় ধোনির দ্রুত সুস্থতা কামনা করে লেখা হয়—‘শিগগিরই ফিরে আসুন, থালা!’

যদিও আইপিএলের ১৯তম আসর শুরু হচ্ছে আজ (শনিবার), চেন্নাই তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী সোমবার, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। সেই ম্যাচসহ শুরুর গুরুত্বপূর্ণ কয়েকটি লড়াইয়ে ধোনিকে না পাওয়া নিঃসন্দেহে কৌশলগত দিক থেকে বড় ধাক্কা।

গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছিলেন ধোনি। ব্যাট হাতে নিচের দিকে নেমেও ছিলেন কার্যকর—১৩ ইনিংসে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে করেছিলেন ১৯৬ রান। তবে দল হিসেবে চেন্নাইয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মাত্র চার জয়ে লিগপর্ব শেষ করে প্লে-অফের আগেই বিদায় নেয় তারা।

এমআই