Advertisement
Us Bangla Airlines
পিএসএলের অভিষেকে আস্থার প্রতিদান দিলেন শরিফুল

পিএসএলের অভিষেকে আস্থার প্রতিদান দিলেন শরিফুল

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ১৭:৫০

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারই প্রথম ডাক পেয়েছেন শরিফুল ইসলাম। পেশোয়ার জালমির জার্সিতে আজ অভিষেক ম্যাচ খেলেছেন তিনি। ম্যাচের শুরুতে বল করতে নেমে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন টাইগার পেসার। উইকেট না পেলেও চার ওভারে ১১টি ডট বল করে প্রতিপক্ষকে চাপে রেখেছেন লাল-সবুজের প্রতিনিধি।

পেশোয়ার জালমির হয়ে খেলতে নামা শরিফুলের প্রতিপক্ষ ছিল পিন্ডিজ। এই দলের একাদশে ছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিশাদদের বিপক্ষে নিজের প্রথম তিন ওভারে ছিলেন বেশ নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ছিলেন শরিফুল ইসলাম। ১১ ডট বল করা এই বোলার শেষ ওভারে দিয়েছেন ১১ রান।

শরিফুলের ওপর অধিনায়ক বাবর আজমের আস্থা পেয়েছিলেন শুরু থেকেই। এমনকি ইনিংসের প্রথম ওভারটিও তুলে দেওয়া হয় শরীফুলের হাতে। শুরু থেকেই আস্থার প্রতিদানও দেন টাইগার পেসার। শুরুতে লাইন-লেন্থ ঠিক রেখে ব্যাটারদের চাপে রাখেন এই তরুণ বাংলাদেশি।

তবে গল্পটা বদলে যায় শেষ ওভারে। একের পর এক ওয়াইড ও নো-বলে ছন্দ হারিয়ে ফেলেন শরীফুল। নিয়ন্ত্রিত বোলিংয়ের ছাপটা ম্লান হয়ে যায় শেষ মুহূর্তের খরুচে স্পেলে। সব মিলিয়ে ৪ ওভারে ৩১ রান দিয়েছেন শরীফুল ইসলাম, যদিও উইকেটের খাতা খোলা হয়নি।

এদিকে আগে ব্যাট করে পিন্ডিজ তোলে ২১৪ রানের বড় সংগ্রহ। পেশওয়ারের বাকি বোলারদের রানবন্যার ম্যাচে শরিফুলকে নিয়ন্ত্রিত বলাই চলে। চার ওভারে ৩১ রান খরচ, যা পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। অন্যদিকে, ইনিংসের সর্বোচ্চ ডট বল করে দলকে আস্থার প্রতিদান দেওয়ার পাশাপাশি অভিষেকটা রাঙিয়েছেন শরিফুল।

এমআই