খেলোয়াড়দের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে বারণ প্রধানমন্ত্রীর
খেলা ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১৯:৫৯
ঢাকায় ক্রীড়াঙ্গনের নতুন এক দিগন্তের সূচনা, তবে সেই মঞ্চেই এল কড়া বার্তা। তারেক রহমান স্পষ্ট করে দিলেন, খেলোয়াড়দের পরিচয় হবে শুধুই দেশের প্রতিনিধি হিসেবে, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়। রোববার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেন তারেক রহমান। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া খেলোয়াড়দের দেওয়া হয় বিশেষ সম্মাননা। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরাসরি খেলোয়াড়দের অ্যাকাউন্টে ভাতা পাঠানোর কার্যক্রমও চালু করা হয়।
সরকারি এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগোল বাংলাদেশ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা আপাতত এই বেতন কাঠামোর বাইরে থাকছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী এপ্রিল থেকে ধাপে ধাপে প্রায় ৫০০ খেলোয়াড়কে এই কাঠামোর আওতায় আনা হবে।
বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন দেশের ক্রীড়াক্ষেত্রের বহুমাত্রিক অগ্রগতির চিত্র। আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, ওয়েটলিফটিং, সাঁতার, প্যারা সুইমিং, প্যারা অ্যাথলেটিকস ও হুইলচেয়ার বাস্কেটবল—বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু ক্রিকেট বা ফুটবল নয়, সব খেলাকেই এগিয়ে নিতে চায় সরকার।
তবে পুরো আয়োজনের মধ্যমণি হয়ে ওঠে তার শেষ বার্তা। খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন এবং হবেন না। আপনারা দেশের প্রতিনিধি, ক্রীড়ানৈপুণ্য দিয়ে দেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনবেন।’
এমআই