Advertisement
Us Bangla Airlines
স্লোয়ারের জাদুতে রানের লাগাম, পিএসএলে দুর্দান্ত মোস্তাফিজ

স্লোয়ারের জাদুতে রানের লাগাম, পিএসএলে দুর্দান্ত মোস্তাফিজ

খেলা ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ২২:৩৮

শেষ ১২ বলে প্রয়োজন ২৩ রান। বোলিংয়ে মোস্তাফিজ। আশায় বুক বাঁধার অপেক্ষায় লাহোরের দর্শকেরা। প্রথম বলে মোস্তাফিজ বাউন্ডারি হজম করেছেন। বাকি বলগুলোতে ছিলেন নিয়ন্ত্রিত। খুব চেষ্টা করেও একরানের বেশি নিতে পারেননি খুশদিল, আজম খান। তাতে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে স্পেল শেষ করেছেন কাটার মাস্টার, উইকেট নিয়েছেন একটি।

স্বল্প রানের ম্যাচ, তাতেও রানের লাগাম টানতে পারছিলেন না রউফ-রাজারা। সেখানে অবিশ্বাস্য বল করেছেন মোস্তাফিজুর রহমান। ২৪ বলের মধ্যে ৯ বলই করেছেন ডট, দলকে এনে দিয়েছেন ব্রেকথ্রু। প্রথম ওভারে খরচ এক রান, দ্বিতীয়–তৃতীয় ওভারে পাঁচ রান করে খরচ। শেষ ওভারে ব্যয় করেছেন ৯ রান। পুরো ম্যাচে মাত্র একটি বাউন্ডারি হজম করেছেন।

আগের ম্যাচের মিতব্যয়ী মোস্তাফিজ এই ম্যাচেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। পিএসএলের উদ্বোধনী ম্যাচে চার ওভারে ১৯ রান খরচ করেছিলেন মোস্তাফিজ, উইকেট একটি। সেই ম্যাচে ৯টি ডট বল করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচেও চার ওভারে খরচ ২০ রান। ৯ ডট বলের সঙ্গে পেয়েছেন উইকেটের দেখা।

তাতে দুই ম্যাচ মিলিয়ে মোট ৫০ বল (একটি ওয়াইড ও একটি নো বল) করেছেন মোস্তাফিজ। এর মধ্যে ৩৬ শতাংশই ডট বল করেছেন তিনি। উভয় ম্যাচে কাটারের তুলনায় স্লোয়ারের ওপর বেশি ভর করেছেন এই বাঁহাতি পেসার। দুই ম্যাচ মিলিয়ে মোট ৪০ শতাংশ (২০টি) স্লোয়ার বল করেছেন কাটার মাস্টার।

দলকে ভরসা যোগানো মোস্তাফিজ দর্শকদের হৃদয় কেড়েছেন। তবে ভাগ্য আর হারিস রউফের বাজে বোলিংয়ের কাছে গত ম্যাচে হেরেছে লাহোর কালান্দার্স। ম্যাচ হারলেও রেকর্ডের পাতায় পাল্লা দিচ্ছেন মোস্তাফিজ। বাঁহাতি পেসার হিসেবে এখনও যৌথভাবে শীর্ষ উইকেট শিকারি তিনি। তার সঙ্গে লড়াই করছেন পাকিস্তানের মোহাম্মদ আমির।

এমআই