কিউই সিরিজে খেলতে পারবেন তো সাকিব?
খেলা ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ২৩:০৭
চোটের ধাক্কা পেছনে ফেলে সময়ের সঙ্গে দৌড় শুরু করেছেন তানজিম হাসান সাকিব। সামনে কড়া চ্যালেঞ্জ, নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে সাদা বলের দুই সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেই সিরিজকে লক্ষ্য করেই নিজেকে শতভাগ ফিট করে তোলার লড়াইয়ে নেমেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
পিঠের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা হয়নি তানজিমের। এমনকি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিসিএলেও মাঠে নামা হয়নি। তবে মাঠের বাইরে বসে থাকেননি তিনি। কোচিং স্টাফ ও ফিজিওদের সঙ্গে নিয়মিত পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তানজিম সাকিব।
নিজের ফিটনেস নিয়ে ক্রিকবাজকে সাকিব বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়া প্রায় শেষ, যদিও খুব বোরিং ছিল। আমি এখন ৭০-৮০% ইনটেনসিটিতে বল করছি। আশা করছি চার সেশন পরে ১০০% ইনটেনসিটিতে বল করতে পারব। সব ঠিকভাবে আগালে এপ্রিলের শুরুর দিকে আমি পুরো ইনটেনসিটিতে ফিরতে পারব বলে আশা করছি।’
সাদা বলের দলে নিয়মিত মুখ হয়ে উঠেছেন তানজিম। খেলেছেন সর্বশেষ এশিয়া কাপেও, ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। ফলে তার ফিট হয়ে ওঠা বাংলাদেশের বোলিং আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ খবর।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির এই সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল, ভেন্যু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এদিকে মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি সিরিজে না খেললেও ওয়ানডে সিরিজে থাকবেন। ফলে বোলিং ইউনিটে ভারসাম্য ফেরাতে তানজিমের ফেরা হতে পারে বাড়তি শক্তি।
সবকিছু ঠিক থাকলে কিউই সিরিজ দিয়েই আবার মাঠে দেখা যেতে পারে তানজিমকে। এখন শুধু সময়ের অপেক্ষা, ফিটনেস দৌড়ে শেষ ল্যাপটা কেমন কাটে!
এমআই