Advertisement
Us Bangla Airlines
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুল

তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুল

খেলা ডেস্ক

৩১ মার্চ ২০২৬, ১৮:২২

বিসিবির সাম্প্রতিক নির্বাচন ঘিরে উত্তাপ এখনও কাটেনি। সেই উত্তাপেই নতুন মাত্রা যোগ করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার তিনি মুখোমুখি হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির। ক্লাব মালিকদের বিসিবি নির্বাচনকে অবৈধ অ্যাখ্যা দেওয়ার বিপক্ষে ব্যাখ্যা দেওয়ার কথা বিসিবি সভাপতির।

চলতি মাসেই বিসিবির নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে তদন্তে নামে এনএসসি। এরপর ধারাবাহিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আসছে কমিটি। সেই তালিকায় এবার যুক্ত হলো বুলবুলের নাম। তদন্ত কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশে ফেরার আগেই লিখিতভাবে নিজের বক্তব্য জমা দেন বুলবুল। পরবর্তীতে সরাসরি কমিটির মুখোমুখিও হয়েছেন তিনি। তদন্তের অগ্রগতি নিয়েও আশাবাদী সংশ্লিষ্টরা। কমিটির এক সদস্য জানান, ‘তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন হবে, আমরা তার সঙ্গেই কথা বলব।’

এর আগে গত শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও তদন্ত কমিটির সামনে হাজির হন। পরদিন রোববার জিজ্ঞাসাবাদ করা হয় সহ-সভাপতি ফারুক আহমেদকে। তদন্ত শেষে গণমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন ফারুক। তার দাবি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কোনো ধরনের কারচুপির সুযোগই ছিল না।

ফারুক আহমেদ বলেন, ‘আমি বলেছি, এখানে কোনো প্রতিপক্ষই ছিল না। তাই ম্যানিপুলেশনের প্রশ্নই আসে না। ৭৬ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন, আর আমি সর্বোচ্চ ভোট পেয়েছি। ৩৪টি ভোট পড়েনি—কিন্তু প্রতিদ্বন্দ্বী না থাকায় কারচুপির সম্ভাবনা একেবারেই কম, প্রায় নেই বললেই চলে।’

এমআই