Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে ম্যাচ না পাওয়া রিশাদ বিগব্যাশের বর্ষসেরা ক্রিকেটার

ডিপিএলে ম্যাচ না পাওয়া রিশাদ বিগব্যাশের বর্ষসেরা ক্রিকেটার

খেলা ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ১৭:১৩

লেগ স্পিনার নেই বলে গলা ফাটানো বাংলাদেশে ছিল না এই বোলারের কদর। জাতীয় দল তো দূরে থাক, ঘরোয়া লিগেও খেলার সুযোগ পেতেন না রিশাদ হোসেন। লেগ স্পিনার আমিনুলকে কয়েক ম্যাচ খেলিয়ে অকারণে বাদ দেওয়া হয়েছিল। তবে দলের জন্য একজন লেগি কত গুরুত্বপূর্ণ, তার কদর বুঝিয়েছেন কোচ হাথুরুসিংহে। যার ফল আজ পেলেন রিশাদ হোসেন।

বাংলাদেশে দ্বিতীয় মেয়াদে কোচিং করাতে এসে রিশাদকে দলের সঙ্গে যুক্ত করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুরুর দিকে নেট অনুশীলনে রিশাদকে ঝালিয়ে নিয়েছেন এই লঙ্কান মাস্টারমাইন্ড। এরপর জাতীয় দলে সুযোগ দিয়েছেন তিনি। শুরুতে আহামরি পারফর্ম না করতে পারলেও দিন বাড়তেই প্রতিদান দেওয়া শুরু করেছেন রিশাদ হোসেন।

দেশে লেগ স্পিনারের অবস্থান আরও পোক্ত করতে হাথুরুর পরামর্শে মোশতাক আহমেদকে নিয়োগ দেয় বিসিবি। তাতে রিশাদের পরিবর্তন ছিল চোখে পড়ার মতো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন এই স্পিনার। এরপর সবাইকে চমকে দিয়ে বিগ ব্যাশ ও পিএসএলে ডাক পেয়ে যান রিশাদ হোসেন।

২০২৪-২৫ মৌসুমে বিপিএলের জন্য রিশাদকে বিগ ব্যাশ খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবে একই বছরে লাহোর কালান্দার্সের হয়ে সেরা স্পিনার বনে গিয়েছেন তিনি, জিতেছিলেন শিরোপাও। পরবর্তী দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও রিশাদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ফলে রিশাদকে পুনরায় দলে নেয় বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেনস।

গত বছরের শেষ দিকে বিপিএল ছেড়ে প্রথমবার বিগ ব্যাশ খেলতে যান টাইগার স্পিনার রিশাদ হোসেন। অভিষেক মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই ক্রিকেটার। ১১ ইনিংসে ৭.৮২ ইকোনোমিতে নেন মোট ১৫টি উইকেট। আর প্রতি উইকেটের জন্য রিশাদ খরচ করেছেন ২০.৮৬ রান। তার বেস্ট বোলিং ফিগার ২৬ রানে ৩ উইকেট।

হোবার্টের হয়ে অবিশ্বাস্য পারফর্ম করায় তাকে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটারের তালিকায় মনোনয়ন দিয়েছিল ক্রিকেট তাসমানিয়া। মনোনয়নের তালিকায় রিশাদের সঙ্গে ছিলেন হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস। অবশেষে আজ বুধবার রিশাদকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে সংস্থাটি।

উল্লেখ্য, বিবিএলের এবারের আসরে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করে হোবার্ট হ্যারিকেনস। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে উঠে তারা। তবে ফাইনালে উঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হারে বিদায় নেয় রিশাদের দল।

এমআই