ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করলেন নুয়ান তুষারা
খেলা ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ২০:৩৪
আইপিএলের মঞ্চে নামার স্বপ্ন এবার আদালতের কাঠগড়ায়! শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় নিজের বোর্ডের বিরুদ্ধেই আইনি লড়াই শুরু করেছেন। লঙ্কান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন তুষারা। তাঁর অভিযোগ, অযৌক্তিকভাবে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি।
চলতি মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামার কথা ছিল এই লঙ্কান পেসারের। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার অজুহাতে বোর্ড তাঁকে এনওসি দিতে অস্বীকৃতি জানায়। আর সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তুষারা।
মামলায় বোর্ড সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোডালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভাকে বিবাদী করা হয়েছে। কলম্বো জেলা আদালতে বিষয়টি উত্থাপিত হয়েছে, যেখানে আগামী ৯ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
নিজের পক্ষে যুক্তি স্পষ্ট করে তুষারা জানান, তাঁর কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ৩১ মার্চ শেষ হয়েছে এবং তিনি সেটি নবায়ন না করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাও বোর্ডকে জানিয়েছেন। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ক্ষেত্রে বাধা দেওয়াটা তিনি অন্যায্য বলেই মনে করছেন।
ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন তুষারা। তাঁর দাবি, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একই ফিটনেস লেভেলে খেলছেন তিনি। আগে যেখানে এই অবস্থাতেই এনওসি পেতে সমস্যা হয়নি, এবার হঠাৎ বাধা দেওয়াকে তিনি দেখছেন অসঙ্গত সিদ্ধান্ত হিসেবে।
শুধু খেলার সুযোগই নয়, আর্থিক দিক থেকেও বড় ঝুঁকিতে পড়েছেন এই পেসার। আইপিএলের সর্বশেষ নিলামে তাঁকে প্রায় ১ কোটি ৬০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল বেঙ্গালুরু। এনওসি না পেলে এই অর্থ হারানোর পাশাপাশি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি সুযোগও হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।
এমআই