Advertisement
Us Bangla Airlines
সাত বলে পাঁচ ছক্কায় অবিশ্বাস্য পারভেজ ইমন

সাত বলে পাঁচ ছক্কায় অবিশ্বাস্য পারভেজ ইমন

খেলা ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২৩:০০

ব্যাট হাতে ঝড় তোলার জন্য যেন অপেক্ষাতেই ছিলেন পারভেজ হোসেন ইমন। ব্যাটিং পজিশন বদলাতেই বদলে গেল গল্প। ওপেনিংয়ে নেমে অল্প সময়েই ম্যাচের রঙ পাল্টে দিলেন এই বাঁহাতি ব্যাটার। শুরুতে ধীরগতির হলেও শেষদিকে সাত বলে পাঁচ ছক্কা ও এক বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটার।

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে মাত্র ১৯ বলে খেলেছেন ৪৫ রানের বিধ্বংসী ইনিংস। পাঁচটি ছক্কা আর দুইটি চারে সাজানো এই ইনিংসেই সবচেয়ে বড় চমক তার ব্যাটিং ক্ষিপ্রতা। আগের ম্যাচগুলোতে স্বভাবসুলভ ব্যাটিং করতে না পারলেও এবার দেখিয়েছেন ইমন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। ইনিংসের শুরুতেই রানবন্যা বইয়ে দেন ওপেনাররা। প্রথম ওভারেই আসে ২৬ রান। শুরুতে কিছুটা সময় নিলেও পরে নিজের ছন্দ খুঁজে পান পারভেজ।

বিশেষ করে স্পিনারদের ওপর চড়াও হয়ে ওঠেন তিনি। মোহাম্মাদ নাওয়াজের ওভারে টানা দুই ছক্কা ও একটি চার হাঁকানোর পর ফয়সাল আকরামের ওভারে প্রথম তিন বলেই টানা তিনটি ছক্কা মারেন। লং অফ ও মিডউইকেট অঞ্চলে তার শক্তিশালী শটগুলো ছিল চোখধাঁধানো।

শেষ পর্যন্ত পঞ্চম ওভারে ছক্কা মারতে গিয়েই আউট হন ২৩ বছর বয়সী এই ব্যাটার। তখন দলের সংগ্রহ ১ উইকেটে ৮৬ রান। এর আগে আসরের প্রথম দুই ম্যাচে চার নম্বরে নেমে নিজেকে মেলে ধরতে পারেননি পারভেজ। তবে নিজের স্বাভাবিক ওপেনিং পজিশনে ফিরে পেয়েই দেখালেন তার আসল রূপ।

এমআই