Advertisement
Us Bangla Airlines
৩২৫ ম্যাচেই বিশ্বের সেরা বাঁহাতি পেসার হলেন মোস্তাফিজ

৩২৫ ম্যাচেই বিশ্বের সেরা বাঁহাতি পেসার হলেন মোস্তাফিজ

খেলা ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ১৪:১৩

ক্রিকেট মাঠে তিনি ‘কাটার মাস্টার’, আর পরিসংখ্যানের খাতায় এখন তিনি শীর্ষে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বের সেরা বাঁহাতি পেসার এই টাইগার ক্রিকেটার।

গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে বল হাতে কিছুটা খরুচে ছিলেন মোস্তাফিজ। ৩ ওভারে দিয়েছেন ৩৭ রান, নিয়েছেন ২ উইকেট। তবে ব্যক্তিগত অর্জনের দিক থেকে এই ম্যাচই হয়ে থাকল স্মরণীয়। টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এখন ফিজের দখলে।

এই কীর্তিতে তিনি পেছনে ফেলেছেন নিজেরই আদর্শ, পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরকে। সংখ্যার হিসাব বলছে, মোস্তাফিজ এগিয়েছেন আরও দাপটের সঙ্গে। ৩২৫ ম্যাচে তার উইকেট ৪১৬টি, যেখানে আমির ৩৫৬ ম্যাচে নিয়েছেন ৪১৫ উইকেট। অর্থাৎ কম ম্যাচ খেলেই রেকর্ড ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

তবে এই লড়াই এখনও শেষ নয়। চলমান পিএসএলে আমির খেলছেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আজকের ম্যাচেই কয়েকটি উইকেট তুলে নিতে পারলে আবারও শীর্ষস্থান দখল করতে পারেন তিনি। একই দলে রয়েছেন মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ রিশাদ হোসেন।

বাঁহাতি পেসারদের তালিকায় শীর্ষে উঠলেও সব বোলারের সম্মিলিত তালিকায় এখনও বেশ কিছু বড় নামের নিচে আছেন মোস্তাফিজ। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তিনি আছেন ৭ নম্বরে। এই তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক রশিদ খান, যার দখলে ৭০৩ উইকেট।

পেসারদের মধ্যে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান এই তারকা শিকার করেছেন ৬৩১ উইকেট। এরপরেই আছেন যথাক্রমে সুনীল নারিন, ইমরান তাহির, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান এবং ক্রিস জর্ডান। তাদের পরেই অবস্থান মোস্তাফিজ ও আমিরের।

এমআই