Advertisement
Us Bangla Airlines
ইমনের ইনজুরি নিয়ে যা জানা গেল

ইমনের ইনজুরি নিয়ে যা জানা গেল

খেলা ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ১৭:২৩

মাঠে সেই ধাক্কার মুহূর্ত দর্শকের বুক কেঁপে উঠেছিল। ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ আসিফ আলীর সঙ্গে ভয়ংকর সংঘর্ষে জড়িয়ে পড়েন পারভেজ হোসেন ইমন। দৃশ্যটা ছিল শঙ্কার, যেন বড় কোনো বিপদের আভাস। ম্যাচ শেষে তা নিয়ে জানা গেল নতুন খবর। আপাতত শঙ্কামুক্ত টাইগার ওপেনার।

লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্সের ম্যাচে বল ধরতে গিয়ে দুজনই বিপজ্জনক অবস্থানে চলে যান। তবে আসিফ দ্রুত নিজেকে সামলে নিতে পারলেও মাটিতে পড়ে যান ইমন। মুহূর্তেই নেমে আসে উৎকণ্ঠা। তবে স্বস্তির খবর দিয়েছেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।

ম্যাচ শেষে লাহোরের দলপতি নিশ্চিত করেছেন, চোট গুরুতর নয়। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, ‘হ্যাঁ, তারা দুজনই ভালো আছে।’

সাত বলে পাঁচ ছক্কায় অবিশ্বাস্য পারভেজ ইমন

ইনজুরির শঙ্কা ছাপিয়ে ম্যাচে ইমনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফখর জামানের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমে মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শুরুতেই এমন আগ্রাসী ব্যাটিং লাহোরকে এনে দেয় বড় পুঁজি। তাতে ১৩ ওভারের ১৮৫ রানের বড় সংগ্রহ পায় দলটি।

ইমনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ছিলেন মোহাম্মদ নাঈম। দুজনের দারুণ সূচনা নিয়েই ম্যাচের ভিত গড়ে ওঠে। অধিনায়ক শাহীন তাদের প্রশংসা করে বলেন, ‘পরিকল্পনা ছিল সহজ—মাঠে গিয়ে নিজেদের খেলাটা খেলতে হবে, আর সেটিই নিখুঁতভাবে বাস্তবায়ন করেছেন ওপেনাররা।’

এমআই