Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে যা বললেন আশরাফুল

বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে যা বললেন আশরাফুল

খেলা ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ১৮:১৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে এখনই হিসাব-নিকাশে ঢুকতে চাইছে না বাংলাদেশ দল। বরং বড় লক্ষ্য সামনে রেখে ধীরে, পরিকল্পিত পথেই এগোতে চান দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।

আশরাফুল বলেন, ‘আমাদের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, তিনি একদমই চিন্তিত নন কোয়ালিফাই নিয়ে। আমাদের এখন চিন্তা আসলে ২০২৭ বিশ্বকাপ নিয়ে। আমরা কীভাবে আইসিসি টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি এবং শিরোপা জিততে পারি। অবশ্যই আমাদের নিজেদের মাঠে যতগুলো সিরিজ হবে সবগুলোতে জিততে চাইব।’

ঢাকা লিগের চলমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে। তিনি মনে করেন, বোর্ডের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। মাঠ, আম্পায়ার, সরঞ্জাম সবই প্রস্তুত থাকে। কিন্তু ক্লাবগুলো খেলতে না চাইলে সেখানে বোর্ডের করার কিছু থাকে না।

এই সংকট থেকে বের হতে নতুন কাঠামোর প্রস্তাব দিয়েছেন আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে থাকা বিভাগগুলোকে কেন্দ্র করে বছরজুড়ে ক্রিকেট চালু করার পক্ষে তিনি। চার দিনের ম্যাচ, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটেই বিভাগভিত্তিক প্রতিযোগিতা চালু করার কথা বলেন তিনি।

তার মতে, বয়সভিত্তিক ক্রিকেট অনূর্ধ্ব-১৯, ১৭, ১৬, ১৩—সবকিছু যদি একই কাঠামোর মধ্যে আনা যায়, তাহলে খেলোয়াড়রা সারা বছরই খেলার মধ্যে থাকবে। এতে ক্লাবনির্ভর স্বল্পমেয়াদি লিগের বাইরে একটি স্থায়ী ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠবে।

এমআই