টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না মোস্তাফিজ
খেলা ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ১৮:৪৯
আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ। সাদা বলের এই লড়াইয়ে ওয়ানডেতে পূর্ণশক্তির দল নামালেও টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না দলের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমানকে। জাতীয় দলের পরিবর্তে তিনি তখন পিএসএলে ব্যস্ত থাকবেন।
আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সফরকারী কিউইরা ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নিউজিল্যান্ড দল আসছে তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে।
আইপিএল ও পিএসএলে ছড়িয়ে থাকা তাদের বেশ কয়েকজন নিয়মিত তারকা এই সফরে নেই। ফলে উপমহাদেশের কন্ডিশনে নিজেদের বেঞ্চ শক্তি যাচাই করাই মূল লক্ষ্য তাদের। অন্যদিকে, বাংলাদেশের পরিকল্পনা একেবারেই ভিন্ন। ২০২৭ বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে ওয়ানডে সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
সাম্প্রতিক পাকিস্তান সিরিজে খেলা মূল দলটির ওপরই আস্থা রাখছে নির্বাচকরা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার প্রস্তুতি চলছে। জাতীয় দলের স্বার্থে পিএসএলে খেলা ক্রিকেটারদের দ্রুত দেশে ফেরার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে ১২ এপ্রিলের মধ্যে জাতীয় দলে যোগ দিতে বলা হয়েছে। তবে মোস্তাফিজকে ঘিরে রয়েছে আলাদা পরিকল্পনা। ওয়ানডে সিরিজে খেললেও টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হবে।
সামনে বড় কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট না থাকায় এই ফরম্যাটে নতুন পেসারদের সুযোগ করে দিতে চায় বোর্ড। ফলে ওয়ানডে শেষেই আবার পিএসএলে ফিরে যাবেন এই বাঁহাতি পেসার। নির্বাচকদের মতে, এই সিদ্ধান্তে দুদিকেই লাভ—মুস্তাফিজ তার ফ্র্যাঞ্চাইজি দলে খেলতে পারবেন, আর বাংলাদেশও ব্যাকআপ বোলিং অপশনগুলো যাচাইয়ের সুযোগ পাবে।
এমআই