বড় দুঃসংবাদ পেল রিশাদের দল
খেলা ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ২০:৫৬
চলমান পাকিস্তান সুপার লিগে বড় ধাক্কা খেল রিশাদদের দল। ইনজুরির ছোবলে ছিটকে গেছেন পাকিস্তানের গতিময় পেসার নাসিম শাহ। ফলে আসরের বাকি অংশে আর মাঠে নামা হচ্ছে না তাঁর। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি।
সর্বশেষ করাচি কিংসের বিপক্ষে ম্যাচেই বিপত্তি। সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাসিম, আর সেখান থেকেই দীর্ঘ বিরতির শঙ্কা। দলের জন্য যা নিঃসন্দেহে বড় এক ধাক্কা। বিশেষ করে টুর্নামেন্টের মাঝপথে এমন ক্ষতি সামলানো সহজ নয়।
তবে আশার আলো একেবারে নিভে যায়নি। মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে চলছে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক এগোলে আসরের শেষ দিকে আবারও দেখা যেতে পারে এই তারকা পেসারকে। যদিও তা নির্ভর করছে ফিটনেস ক্লিয়ারেন্সের ওপর।

চলতি আসরে অবশ্য শুরুটা নিজের নামের সঙ্গে মানানসই করতে পারেননি নাসিম। করাচির বিপক্ষে একটি উইকেট পেলেও নিজের প্রথম ম্যাচে ৫১ রান খরচ করে উইকেটশূন্য থাকেন তিনি। যা তাঁর পারফরম্যান্সে ছাপ ফেলেছে স্পষ্টভাবেই।
মাঠের বাইরেও ছিলেন আলোচনায়। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মরিয়ম নওয়াজ। তাঁকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার ঝড়ে পড়েন নাসিম। শেষ পর্যন্ত ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা গুনতে হয়েছে তাকে।
এমআই