৭ বলে ৭ ‘হিট আউট’, চট্টগ্রামের ক্রিকেটে নজিরবিহীন কাণ্ড
খেলা ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ২২:২৭
ক্রিকেটে প্রতিবাদ দেখা গেছে অনেকভাবে—বিতর্ক, বাকবিতণ্ডা, এমনকি মাঠ ছাড়াও। কিন্তু ব্যাট হাতে নেমে ইচ্ছাকৃতভাবে আউট হয়ে ক্ষোভ ঝাড়ার এমন দৃশ্য আগে কয়জন দেখেছেন? চট্টগ্রামের এক স্থানীয় টুর্নামেন্টে ঘটেছে ঠিক তেমনই এক বিস্ময়কর ঘটনা। বিতর্কিত এক ঘটনার প্রতিবাদ জানাতে হিট আউট হয়েছেন সাত ক্রিকেটার।
চট্টগ্রামে ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রিসেন্ট ক্লাব ও বাকলিয়া একাদশ। প্রথমে ব্যাট করে ক্রিসেন্ট ক্লাব তুলে ১৬৯ রান। ইনিংসটা একাই আলোকিত করেন নীলাচল, যার ব্যাট থেকে আসে ১০৭ রানের ঝকঝকে সেঞ্চুরি। জবাবে নেমে শুরুতেই চাপে পড়ে বাকলিয়া।
কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় বাকলিয়ার ক্রিকেটার ইভান রহমানকে ঘিরে বিতর্কে। ইভান রহমানের বৈধতা নিয়ে আপত্তি তোলে প্রতিপক্ষ। রেজিস্ট্রেশন জটিলতায় তিনি খেলতে পারার কথা নয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, ম্যাচ চলাকালেই তাঁকে মাঠ ছাড়তে হয়।
এরপরই শুরু হয় ‘প্রতিবাদের ক্রিকেট’। চতুর্থ ওভারের পঞ্চম বল থেকে বাকলিয়ার ব্যাটাররা যেন এক অদ্ভুত সিদ্ধান্তে অটল। একজন করে এসে নিজের উইকেট ভেঙে ফিরছেন। কোনো শট নয়, কোনো লড়াই নয়—শুধু স্টাম্পে আঘাত, আর প্যাভিলিয়নে ফেরা। এভাবে টানা ৭ বলে ৭ উইকেট!
এই ‘স্বেচ্ছা আত্মসমর্পণে’ লাভবান হন প্রতিপক্ষ বোলার হাবিব। এক ওভারেই তুলে নেন ৫ উইকেট। আর বাকলিয়ার ইনিংস থামে মাত্র ২৩ রানে, ৪.৫ ওভারে। তাতে ১৪৬ রানের বিশাল জয় পায় ক্রিসেন্ট ক্লাব। তবে স্কোরলাইন নয়, হিট উইকেট কাণ্ডে আলোচনায় আসে এই ম্যাচ।
বাকলিয়ার কোচ আমিনুল হক জানালেন, এটা তার দলের পরিকল্পিত প্রতিবাদ নয়, বরং মুহূর্তের আবেগ। ইভানকে যেভাবে সরানো হয়েছে, তা মেনে নিতে পারেননি তারা। কিন্তু মাঠ ছাড়তেও চাননি বাকলিয়ার ক্রিকেটাররা। তাই ব্যাট দিয়েই মাঠে চলেছে প্রতিবাদ।
এমআই