Advertisement
Us Bangla Airlines
‘সাকিব ভাইয়ের বিষয়ে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে’

‘সাকিব ভাইয়ের বিষয়ে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে’

খেলা ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ২০:৫১

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসানকে ঘিরে আবারও সরগরম অঙ্গন। কিন্তু আলোচনার চেয়ে বাস্তব পদক্ষেপই বেশি জরুরি, এমনটাই মনে করেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন। শুক্রবার মিরপুরে কথা বলতে গিয়ে মিথুন জানান, সাকিব ইস্যুতে স্ট্যান্ডবাজিই বেশি করেছে বুলবুলের বোর্ড।

সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড সাকিবকে দেশে ফেরানোর উদ্যোগ নিলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। বর্তমানে বিসিবি পরিচালিত হচ্ছে একটি এডহক কমিটির মাধ্যমে, আর সেই প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে সাকিবের দেশে ফেরার বিষয়টি।

তবে আশার কথাও শোনালেন মিথুন। তার বিশ্বাস, সঠিকভাবে এগোলে সাকিবের দেশে ফেরা সম্ভব। তিনি বলেন, ‘সরকারের কিছু নমনীয়তা দরকার। তার যেসব মামলা বা বিষয় আছে, সেগুলো কীভাবে সমাধান করা যায়, সেই বিষয়ে আগে কাজ করতে হবে। সাকিব ভাইয়ের বিষয়ে বাস্তব কাজের চেয়ে স্ট্যান্ডবাজিই বেশি হয়েছে।’

ক্রিকেটীয় দিক থেকেও সাকিবের গুরুত্ব তুলে ধরেন তিনি। মিথুন আরও বলেন, ‘সাকিব ভাইয়ের সামর্থ্য নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি যদি আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে পারেন, তাহলে বাংলাদেশের প্রতিটি মানুষই খুশি হবে।’

তবে কথার ঝড়েই যেন আটকে আছে পুরো বিষয়টি এমন আক্ষেপও রয়েছে মিথুনের। তিনি বলেন, ‘আমার মনে হয়, এসব না করে যদি সত্যিই কেউ কিছু করতে চান, তাহলে সরকারের সঙ্গে আলোচনা করে তার সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করা উচিত। সেটাই হওয়া উচিত মূল লক্ষ্য।’

এমআই