Advertisement
Us Bangla Airlines
ক্ষমা চাইলেন নুয়ান তুষারা

ক্ষমা চাইলেন নুয়ান তুষারা

খেলা ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ২১:১৯

আইপিএল খেলতে না পেরে বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা। গত ১ এপ্রিল কলম্বোর জেলা আদালতে পিটিশন দায়ের করেন তিনি। শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসে ক্ষমা চাইলেন সিংলি অ্যাকশনের এই পেসার। একই সঙ্গে সমঝোতার পথেই সমাধান চান বলে জানিয়েছেন তিনি।

অনাপত্তিপত্র না পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন তুষারা। তবে এবার নিজের অবস্থান বদলে বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই ডানহাতি পেসার। বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ও সভাপতি শাম্মি সিলভাকে পাঠানো এক ই-মেইলে তিনি জানান, আদালতে যাওয়ার মাধ্যমে কোনো চাপ সৃষ্টি করা তার উদ্দেশ্য ছিল না।

তুষারা লিখেছেন, ‘আমার একমাত্র উদ্দেশ্য ছিল ন্যায়বিচার পাওয়া। আমি মনে করেছি, এই বিষয়ে আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি শুধু চেয়েছিলাম, আমার উদ্বেগের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনা হোক।’ এর আগে মামলায় বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করেছিলেন তুষারা।

তবে এখন সেই অবস্থান থেকে সরে এসে নিজের পদক্ষেপের জন্য অনুতাপ প্রকাশ করেছেন তিনি। ৩১ বছর বয়সী এই পেসার বলেন, তার কারণে বোর্ড বা সংশ্লিষ্ট কারও কোনো অসুবিধা হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

ই-মেইলে তিনি আরও জানান, সম্মানজনক সমাধানের পথেই এগোতে চান। প্রয়োজনে আইনি পদক্ষেপও প্রত্যাহার করতে প্রস্তুত তিনি। নুয়ান তুষারা জানান, ‘আমি আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চাই। আশা করি, আমরা ইতিবাচকভাবে সামনে এগোতে পারব।’

চলতি মৌসুমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল তার। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় বোর্ড তাকে ছাড়পত্র দেয়নি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের শরণাপন্ন হয়েছিলেন তিনি।

এমআই