Advertisement
Us Bangla Airlines
এনওসির মেয়াদ থাকলেও পিএসএল খেলা হচ্ছে না ইমনের

এনওসির মেয়াদ থাকলেও পিএসএল খেলা হচ্ছে না ইমনের

খেলা ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ১৮:৪৯

পাকিস্তান সুপার লিগে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু শেষটা হলো হঠাৎ করেই। এনওসির মেয়াদ হাতে থাকলেও চোটে পড়ে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হচ্ছে পারভেজ হোসেন ইমনকে। লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে, কাঁধের চোটের কারণে এবারের পাকিস্তান সুপার লিগে আর খেলা হচ্ছে না এই তরুণ ওপেনারের।

আজ রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা তার। বাংলাদেশ থেকে এবারের পিএসএলে খেলতে গিয়েছিলেন ছয়জন ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি পেয়েছিলেন ইমন। কিন্তু ভাগ্য সহায় হলো না, অন্যদের আগেই টুর্নামেন্ট শেষ করে ফিরতে হচ্ছে তাকে।

পিএসএলে অভিষেক আসরে লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন ইমন। প্রথম দুই ম্যাচে বড় ইনিংস না এলেও তৃতীয় ম্যাচে ঝড় তুলেছিলেন। মাত্র ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে নজর কাড়েন। সব মিলিয়ে ৩ ইনিংসে ৭১ রান করেন ১৬১ এর বেশি স্ট্রাইক রেটে।

লাহোর কালান্দার্স জানিয়েছে, ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পান ইমন। সেই চোটই শেষ পর্যন্ত তাকে ছিটকে দিয়েছে পুরো টুর্নামেন্ট থেকে।

উল্লেখ্য, ২৫ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার অনুমতি ছিল ইমনের। অন্যদিকে একই আসরে খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও তানজিদ হাসানদের এনওসি রয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে তারা দ্রুতই দেশে ফিরবেন।

এমআই