জাকের আলীর ডাক, সাইফের সেঞ্চুরি
খেলা ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ২০:৫৩
নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। ফিটনেস ও স্কিল ক্যাম্পের ধারাবাহিকতায় এবার মাঠে গড়াল প্রস্তুতি ম্যাচ, আর সেখানেই ব্যাট-বলের দারুণ লড়াইয়ে নজর কাড়লেন সাইফ হাসান ও তাসকিন আহমেদ। সোমবার মিরপুরে অনুষ্ঠিত ৫০ ওভারের এই ম্যাচে ‘এ’ দল ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ‘বি’ দলকে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ‘এ’ দলের দখলে, যার ভিত গড়ে দেন ওপেনার সাইফ। প্রথমে ব্যাট করে ‘এ’ দল তোলে ৭ উইকেটে ২৯২ রান। ইনিংসের প্রাণ ছিলেন সাইফ হাসান। ১৩৩ বল মোকাবিলা করে খেলেন ঝকঝকে ১৩৮ রানের ইনিংস। তার ব্যাটে ছিল নিয়ন্ত্রিত আগ্রাসন আর নিখুঁত টাইমিংয়ের ছাপ।
তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন আফিফ হোসেন ধ্রুব (৩৪) ও তাওহীদ হৃদয় (২৫)। শেষ দিকে তানজিম হাসান সাকিবের ১৩ বলে ২৭ রানের ঝড়ো ক্যামিও ইনিংসকে আরও শক্ত ভিত এনে দেয়। ‘বি’ দলের বোলারদের মধ্যে মেহেদী হাসান ছিলেন তুলনামূলক সফল। ৮ ওভারে ৫৫ রান দিয়ে নেন ২ উইকেট।
২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ‘বি’ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কখনোই ম্যাচে ফিরতে পারেনি তারা। ওপেনার সৌম্য সরকার লড়াই চালিয়ে যান। ৮৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। শামীম পাটোয়ারীর ব্যাট থেকে আসে ৩১ রান, মাহিদুল ইসলাম অঙ্কন করেন ২৪, জাকের আউট হন শূন্য রানে।
তবে দিনের আসল আগুন ঝরেছে তাসকিন আহমেদের হাতে। মাত্র ৬ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তার গতির ঝড়েই ভেঙে পড়ে ‘বি’ দলের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় ‘বি’ দল। ফলে দাপুটে জয়ে প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস বাড়াল ‘এ’ দল।
এমআই