নির্বাচকের পর এবার নতুন পেশায় ফিরছেন রাজ্জাক
খেলা ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৩:১৩
কখনও স্পিনে ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন, কখনও নির্বাচক হিসেবে গড়েছেন ভবিষ্যৎ। এবার নতুন এক অধ্যায়ের দোরগোড়ায় আবদুর রাজ্জাক। ক্রিকেট-জীবনের অভিজ্ঞতা এবার তিনি ছড়িয়ে দিতে চান কোচিংয়ে। সম্প্রতি লেভেল থ্রি কোচিং কোর্সে পাস করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন রাজ্জাক। তবে সেই বোর্ড ভেঙে যাওয়ার পর পরিচালকের পদও হারিয়েছেন তিনি। প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েই নতুন পথে হাঁটার ইঙ্গিত দিলেন সাবেক এই বাঁহাতি স্পিনার।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করার পরিকল্পনা তার। ইতোমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথাবার্তাও এগিয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। এক সাক্ষাৎকারে রাজ্জাক নিজেই জানিয়েছেন তার এই পরিকল্পনার কথা।
গত বছরের সেপ্টেম্বরে নির্বাচনের পর বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তবে এবার মূল ফোকাস কোচিং। কারণ প্রস্তুতিটাও সম্পন্ন। গত বছরই লেভেল থ্রি কোচিং কোর্স শেষ করেছেন এবং সফলভাবেই পাস করেছেন তিনি।
২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নির্বাচক প্যানেলে যোগ দেন রাজ্জাক। দীর্ঘ চার বছরের বেশি সময় সেই দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। এরপর পরিচালনা পর্ষদে যুক্ত হওয়া, আর এখন কোচিং—ক্রিকেটের সঙ্গেই তার পথচলা, শুধু ভূমিকা বদলাচ্ছে।
এমআই