দুই আসরের জন্য নিষিদ্ধ জিম্বাবুয়ের ক্রিকেটার
খেলা ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৫:৫৫
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টানাপোড়েনে বড় এক সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির ওপর নেমে এসেছে কঠোর শাস্তি। পরবর্তী দুই আসরের জন্য তাকে নিষিদ্ধ করেছে পিসিবি।
চলমান ২০২৬ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে খেলার কথা ছিল মুজারাবানির। সব শর্তে সম্মতি দিয়ে চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ সরে দাঁড়ান এই গতিময় পেসার। এমন সিদ্ধান্তকে চুক্তিভঙ্গ এবং অপেশাদার আচরণ হিসেবেই দেখছে বোর্ড।
পিসিবি জানিয়েছে, পেশাদার ক্রিকেট পারস্পরিক বিশ্বাস আর চুক্তির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। মুজারাবানি সবকিছু মেনে নিয়েও শেষ পর্যন্ত ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, যা টুর্নামেন্টের কাঠামো ও বিশ্বাসযোগ্যতায় নেতিবাচক প্রভাব ফেলে। ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট সবার আস্থার জন্য এমন আচরণ ক্ষতিকর বলেও উল্লেখ করা হয়েছে।
তবে মুজারাবানি একা নন। একই মৌসুমে শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনও পিএসএল ছেড়ে আইপিএলে নাম লেখান। বিদেশি ক্রিকেটারদের এই ধারাবাহিক সরে দাঁড়ানোয় লিগের মান ও নির্ভরযোগ্যতা ধরে রাখতে এবার কঠোর বার্তা দিল পিসিবি।
এদিকে, ইনফর্ম মুজারাবানিকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। বিশেষ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তার আগুনঝরা বোলিংয়ের পর দলটির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিলেন তিনি। সেই ভরসার জায়গাটাই এখন শূন্য।
এমআই