আইপিএলের রেকর্ড খাতায় গোপালগঞ্জের সাকিব!
খেলা ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৯:৩০
অভাবের অন্ধকার ভেদ করে স্বপ্নের আলোয় উঠে আসা নতুন উদাহরণ গোপালগঞ্জের সাকিব। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক ম্যাচেই নিয়েছেন চার উইকেট। তাতে ভারতীয় বোলারদের বিশেষ এক তালিকায় জায়গা করে নিয়েছেন এই বোলার। আইপিএলের রেকর্ড খাতায় নিজের নাম লিখেয়ে আলোচনার কেন্দ্রে সাকিব।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ছিলেন আগ্রাসী। নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালকে, এরপর নিয়েছেন আরও ৩ উইকেট। পুরো স্পেলে ছিল তার নিয়ন্ত্রিত বোলিং, গতি আর পরিকল্পনার নিখুঁত মিশেল। উইকেট নেওয়ার পাশাপাশি রান আটকে রাখার দক্ষতাও তাকে আলাদা করে তুলেছে।
তবে এই সাফল্যের পেছনের গল্প আরও গভীর। একসময় ক্রিকেট খেলার জুতা কেনার সামর্থ্য ছিল না বিহারের গোপালগঞ্জের ছেলে সাকিব হোসেনের। কিন্তু ছেলের স্বপ্ন ভাঙতে দেননি মা। নিজের গয়না বিক্রি করে জুতা কিনে দিয়েছিলেন। সেই ত্যাগই আজ সাফল্যের সিঁড়ি।
টেনিস বলের ক্রিকেট খেলে অল্প অল্প করে আয়, কখনও ৫০০-৭০০ টাকা, আবার দূরের ম্যাচ খেলে পেয়েছেন ২০০০ টাকা। এভাবেই এগিয়েছে পথচলা। কিন্তু পরিবারের বিশ্বাস আর নিজের অদম্য পরিশ্রম তাকে এনে দিয়েছে আইপিএলের মতো বড় মঞ্চে।
২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ পেলেও একাদশে জায়গা হয়নি। তবে হতাশ না হয়ে নিজেকে আরও প্রস্তুত করেন তিনি। শেষ পর্যন্ত ২০২৬ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে নেয়, আর অভিষেকেই চার উইকেট নিয়ে দেখান নিজের সামর্থ্য।
এমআই