Advertisement
Us Bangla Airlines
‘শেখা, উন্নতি ও সিরিজ জয়—এটাই আমাদের মূল লক্ষ্য’

‘শেখা, উন্নতি ও সিরিজ জয়—এটাই আমাদের মূল লক্ষ্য’

খেলা ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬, ১৮:৩১

ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় অনেক তারকা ক্রিকেটার অনুপস্থিত। সেই বাস্তবতায় তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। কাগজে-কলমে কিছুটা পিছিয়ে থাকলেও লড়াইয়ের মানসিকতায় কোনো ঘাটতি রাখতে চান না কিউইরা।

দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান টম লাথাম। তিন সংস্করণেই নিয়মিত খেলা এই উইকেটকিপার-ব্যাটার ১৬৩টি ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতা নিয়ে এসেছেন ঢাকায়। মিরপুরে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে তাঁর কণ্ঠে শোনা গেল স্পষ্ট সিরিজ জয়ের লক্ষ্য।

লাথাম বললেন, ‘আমাদের সবার লক্ষ্য সিরিজ জেতা। তবে সেটা সহজ হবে না। প্রতিটি ম্যাচ থেকে শিখতে হবে, নিজেদের উন্নত করতে হবে। আমাদের দলে এমন অনেকেই আছে, যাদের এ ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কম।  যদি আমরা দ্রুত শিখতে পারি, তাহলে সিরিজের শেষ দিকে জয়ের সুযোগ তৈরি হতে পারে।’

নিউজিল্যান্ডের এই দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। তবে বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা খুব সীমিত। স্কোয়াডের মাত্র তিনজন এ দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। যদিও নিক কেলি, ড্যান ক্লিভার, ডিক্স ফক্সক্রফট, আদিত্য অশোক ও জেডেন লেনক্সদের মতো কয়েকজন ‘এ’ দলের হয়ে খেলে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।

পরিসংখ্যানও খুব একটা পক্ষে কথা বলে না নিউজিল্যান্ডের। পূর্ণ শক্তির দল নিয়েও অতীতে বাংলাদেশ সফরে খুব বেশি সফল হয়নি তারা। নিজেদের মাটিতে বরং এগিয়ে বাংলাদেশ। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখানে ৮-৭ ব্যবধানে এগিয়ে টাইগাররা। তবু আশা ছাড়ছেন না লাথাম। তাঁর মতে, পরিকল্পনা ও পরিস্থিতির ঠিক থাকলে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব।

কিউই অধিনায়ক বলেন, ‘দলে অভিজ্ঞতার কিছুটা ঘাটতি আছে। তাই যারা এখানে আগে খেলেছে, তাদের দায়িত্ব তরুণদের সাহায্য করা। আমরা প্রস্তুতি নিচ্ছি, পরিকল্পনা করছি। কিন্তু ম্যাচ শুরু হলে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এমআই