Advertisement
Us Bangla Airlines
কেন একাদশে নেই মোস্তাফিজ?

কেন একাদশে নেই মোস্তাফিজ?

খেলা ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই নাটকীয় এক পরিবর্তন বাংলাদেশ দলে। টসের আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ মুহূর্তে ইনজুরির ধাক্কায় ছিটকে গেলেন দলের প্রধান পেসার মোস্তাফিজুর রহমান।

টসের জন্য প্রস্তুত হচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ঠিক তখনই দৃশ্যপটে আসে অস্বস্তিকর এক মুহূর্ত। দ্রুত মাঠে ঢুকে অধিনায়কের সঙ্গে কথা বলেন হেড কোচ ফিল সিমন্স। সেই কথোপকথনের পরই বদলে যায় বাংলাদেশের একাদশ।

প্রথমে বিষয়টি স্পষ্ট না হলেও কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ওয়ার্মআপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মোস্তাফিজ। আর তাতেই নেওয়া হয় কঠিন সিদ্ধান্ত। ম্যাচ শুরুর আগেই তাকে একাদশের বাইরে রাখা। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মোস্তাফিজ ওয়ার্মআপের সময় হাঁটুতে সমস্যা অনুভব করায় শেষ মুহূর্তেই সিদ্ধান্ত বদলাতে হয়েছে। মোস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।’

উল্লেখ্য, বিসিবি থেকে শুরুতে দেওয়া টিম লিস্টে ‘সাব’ ছিলেন তাসকিন আহমেদ। তাঁর জায়গায় একাদশে ছিলেন শরিফুল ইসলাম। কিন্তু একটু পর বিসিবির পক্ষ থেকে জানানো হয়, একাদশে আছেন তাসকিন। তবে মোস্তাফিজের বদলে খেলবেন শরিফুল।

এমআই