সহজ ম্যাচ কঠিন বানিয়ে হারল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ২১:২৭
তাওহীদ হৃদয়ের ব্যাটে যখন জয়ের ছন্দে দুলছিল বাংলাদেশ, তখনও কেউ ভাবেনি গল্পটা এমন হঠাৎ মোড় নেবে। কিন্তু মাঝপথে ব্যাটিং ধসে হাতছাড়া হলো প্রায় নিশ্চিত এক জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানের হতাশাজনক হার দেখল স্বাগতিকরা।
এর আগে ব্যাট হাতে কিউইদের হয়ে হেনরি নিকলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে ৮ উইকেটে ২৪৭ রান তুলে নেয় নিউজিল্যান্ড। লক্ষ্যটা বড় ছিল না, আর সেই রান তাড়া করতে নেমে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ।
শুরুর ২১ রানেই ফিরে যান তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। সেখান থেকে সাইফ ও লিটনের ৯৩ রানের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। সাইফ তুলে নেন ফিফটি, তবে তাকে অনুসরণ করতে গিয়ে থেমে যান লিটন দাস।
এরপর তাওহীদ হৃদয় ও আফিফ হোসেনের ব্যাটে জয়ের পথ আরও পরিষ্কার হচ্ছিল। ৭৯ বলে ৫২ রানের জুটিতে ম্যাচ তখন বাংলাদেশের নিয়ন্ত্রণেই। কিন্তু এখানেই শুরু হয় ভাঙন। আফিফের বিদায়ের সঙ্গে সঙ্গেই ছন্দ হারায় পুরো ব্যাটিং লাইনআপ।

৪১তম ওভারে ব্লেয়ার টিকনার আফিফকে ২৭ রানে ফেরানোর পর শুরু হয় ধস। এরপর একে একে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকে তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি কিউইদের দিকে ঘুরিয়ে দেন এই পেসার।
ডেথ ওভারে এসে চাপে পড়ে বাংলাদেশ। ১৮৪ রানে পঞ্চম উইকেট হারানোর পর শেষ ৬ উইকেট পড়ে যায় মাত্র ৩৭ রানে। ৪ ওভারে প্রয়োজন ছিল ৩৫ রান, হাতে তখনও উইকেট ছিল। কিন্তু চাপ সামলাতে পারেনি স্বাগতিকরা।
শেষ চেষ্টা করেছিলেন হৃদয়। ৫৮ বলে ফিফটি ছুঁয়ে এক ঝলক আশা জাগান তিনি। তবে ৪৯তম ওভারে ছক্কা মেরে মাইলফলক ছোঁয়ার পরই বিদায় নিতে হয় তাকে। ৫৫ রানের ইনিংসটি তাই হয়ে থাকে সান্ত্বনার গল্পই। শেষ পর্যন্ত ২৪৮ রানের লক্ষ্যে নেমে ২২১ রানে থামে বাংলাদেশের ইনিংস।
বল হাতে ম্যাচের নায়ক টিকনার। ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট নিয়ে ভেঙে দেন বাংলাদেশের মেরুদণ্ড। তাকে ভালো সঙ্গ দেন স্মিথ, তার ঝুলিতে যায় ৩ উইকেট।
এমআই