তামিমকে ডিপিএল শুরু করার কৃতিত্ব দিতে হবে: মাহমুদউল্লাহ
খেলা ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১৪:১৪
কয়েক মাসের অনিশ্চয়তা, দোলাচল আর অপেক্ষার পর অবশেষে আলো দেখল ঢাকা প্রিমিয়ার লিগ। শনিবার দলবদলের মধ্য দিয়ে নতুন মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন ক্রিকেটাররা। সেই স্বস্তির সুরই শোনা গেল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে।
প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে নাম লেখালেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। দীর্ঘ বিরতির পর পুরোনো ঠিকানায় ফিরে তিনি যেমন উচ্ছ্বসিত, তেমনি লিগ মাঠে গড়ানোর খবরেও যেন স্বস্তির ছাপ স্পষ্ট।
দলবদল কার্যক্রম শেষে মাহমুদউল্লাহ বললেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’
লিগ ঘিরে অনিশ্চয়তার মেঘ কাটাতে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, এমনটাই মনে করেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই।’
প্রাইম ব্যাংকে ফেরাটা মাহমুদউল্লাহর জন্য যেন নস্টালজিয়ারও। ২০০৫ সালের পর আবার এই ক্লাবের জার্সিতে খেলবেন তিনি। রিয়াদ আরও বলেন, ‘প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয়, বছরের পর বছর ধরে তারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করেছে এবং সুযোগ-সুবিধা দিয়েছে শীর্ষ মানের।’
দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী এই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর চোখে, প্রাইম ব্যাংক এবার ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছে। টপ অর্ডার থেকে মিডল অর্ডার, পেস থেকে স্পিন—সব বিভাগেই রয়েছে শক্তির ছাপ।
মাহমুদউল্লাহর ভাষায়, ‘টপ অর্ডারে আজিজুল হাকিম তামিম, দিপু আছে। মিডল অর্ডারে আমি, পাটোয়ারীসহ আরও কয়েকজন। পেস বোলিং ও স্পিন দুই বিভাগই শক্তিশালী। অলিস, রাফসান, তানজিম সাকিব, এনামুল—সব মিলিয়ে দলে তরুণ ও অভিজ্ঞদের ভালো সমন্বয় আছে।’
এমআই