বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
খেলা ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১৫:১০
অবশেষে অপেক্ষার অবসান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জুনে বাংলাদেশ সফরে আসছে অজিরা, যেখানে থাকছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সূচি শুধু একটি সিরিজের ঘোষণা নয়, ইতিহাসের পুনরাবৃত্তিও বটে।
প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে নামবে অস্ট্রেলিয়া। সবশেষ ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল ৩-০ ব্যবধানে হারিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশকে। তারও আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে একই ব্যবধানে পরাজিত হয়েছিল হাবিবুল বাশারের দল।
তবে সাম্প্রতিক স্মৃতি বাংলাদেশের পক্ষেই। ২০২১ সালে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা, যা এই সিরিজে যোগ করবে বাড়তি উত্তেজনা।

সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। সবগুলো ওয়ানডে ম্যাচই হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজের পালা। ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ, যার ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম।
বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে ম্যাচের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়, আর টি-টোয়েন্টি ম্যাচ গড়াবে বিকাল ২টা থেকে। এর আগে বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সূচি দিয়েছিল, সেখানে কিছু পরিবর্তন এনে এই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এমআই