Advertisement
Us Bangla Airlines
দেড় মাসের ব্যবধানে পুনরায় বাংলাদেশে আসছে পাকিস্তান

দেড় মাসের ব্যবধানে পুনরায় বাংলাদেশে আসছে পাকিস্তান

খেলা ডেস্ক

১৮ এপ্রিল ২০২৬, ১৬:৪২

দেড় মাসের ব্যবধানে আবারও বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক শান মাসুদ।

তবে সবচেয়ে বড় চমক কোচিং স্টাফে। টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। কয়েক মাস ধরে শূন্য থাকা এই পদে তাঁর নিয়োগের গুঞ্জন ছিল, অবশেষে সেটিই বাস্তবে রূপ নিল।

নতুন এই সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়েছে চার নতুন মুখ—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। ইতিমধ্যে আজান আওয়াইস, ইমাম-উল-হক, নোমান আলী ও সাজিদ খান লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলের প্রস্তুতি ক্যাম্পে আছেন।

সিরিজকে সামনে রেখে করাচিতে ২৭ এপ্রিল থেকে শুরু হবে বিশেষ প্রস্তুতি ক্যাম্প, চলবে ১ মে পর্যন্ত। এরপর ২ মে বাংলাদেশে উড়াল দেবে দল। পিএসএলে ব্যস্ত খেলোয়াড়রা নিজেদের দলীয় দায়িত্ব শেষ করেই ক্যাম্পে যোগ দেবেন, আর কেউ ফাইনালে উঠলে সরাসরি বাংলাদেশে এসে দলের সঙ্গে যুক্ত হবেন।

মাঠের লড়াই শুরু হবে ৮ মে, ভেন্যু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় ও শেষ টেস্টটি গড়াবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে এখনো সময় নিশ্চিত করেনি বিসিবি।  পাকিস্তানের কোচিং স্টাফেও রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, আর বোলিং বিভাগের দেখভাল করবেন উমর গুল।

পাকিস্তান টেস্ট দল

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

এমআই