ছয় মৌসুম পালন করা সেই দিয়াবাতের গোলে হারল মোহামেডান
খেলা ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১৯:৫৭
মোহামেডানকে যে পা একসময় জিতিয়েছে অসংখ্য ম্যাচ, সেই পায়ের আঘাতেই এবার হার মানতে হলো সাদা-কালোদের। ‘ঘরের ছেলে’ সুলেমান দিয়াবাতের একমাত্র গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে পরাজয় দেখল মোহামেডান।
মালির এই ফরোয়ার্ড ছয় মৌসুম খেলেছেন মোহামেডানের জার্সিতে। তার অধিনায়কত্বেই গত মৌসুমে দীর্ঘ ২৩ বছর পর লিগ শিরোপা জেতে দলটি। সেই দিয়াবাতে এবার আবাহনীর হয়ে নেমে পুরনো দলকেই কাঁদালেন।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল মোহামেডানের দখলে। তৃতীয় মিনিটেই উজবেক ফরোয়ার্ড মোজাফরভ অলিম্পিক গোল করে এগিয়ে দেন দলকে। বাঁ প্রান্ত থেকে কর্নার কিক সরাসরি জালে জড়িয়ে আবাহনীর গোলরক্ষককে স্তব্ধ করে দেন তিনি।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহামেডান। ১৪ মিনিট পরই বক্সের সামনে থেকে নেওয়া শটে সমতা ফেরান মিরাজুল ইসলাম। ম্যাচ তখন জমে ওঠে দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে। প্রথমার্ধেই ধাক্কা খায় আবাহনী। একটি আক্রমণ ঠেকাতে গিয়ে ডিফেন্ডার হাসান মুরাদ ও গোলরক্ষক মিতুল মারমার সংঘর্ষে মুরাদ গুরুতর আঘাত পান।
দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের গতিপথ। নাইজেরিয়ান এমেকার পাস থেকে বক্সের মধ্যে ঠান্ডা মাথায় বল জালে জড়ান দিয়াবাতে। এই এক গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য—আর সেই গোলই মোহামেডান সমর্থকদের বুকে যেন শেলের মতো বিঁধে যায়।
শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় মোহামেডান। ইনজুরি সময়ে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। গুরুত্বপূর্ণ ফ্রি কিক থেকেও ব্যর্থ হয় সাদা-কালোরা। ম্যাচের শেষ মুহূর্তে কর্নার পেলেও সেটিও কাজে লাগাতে পারেনি দলটি।
এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। সমান ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে মোহামেডান নেমে গেছে সাত নম্বরে।
এমআই