Advertisement
Us Bangla Airlines
প্লে-অফে নাহিদ-শরিফুলদের পেশওয়ার জালমি

প্লে-অফে নাহিদ-শরিফুলদের পেশওয়ার জালমি

খেলা ডেস্ক

১৮ এপ্রিল ২০২৬, ১৮:৪৫

মাঠে না নেমেও উৎসবের হাসি পেশোয়ার শিবিরে। পেশোয়ার জালমি নিশ্চিত করেছে প্লে-অফ, তাও আবার সবার আগে! চলতি পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ধারাবাহিকতায় শীর্ষ চারে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল।

নিজেদের ম্যাচ ছাড়াই ভাগ্য নির্ধারিত হয় পেশোয়ারের। করাচিতে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স যখন ৬ উইকেটে হারায় লাহোর কালান্দার্সকে, তখনই নিশ্চিত হয়ে যায় পেশোয়ারের প্লে-অফ। সেই ম্যাচে ১৩৪ রানে গুটিয়ে যায় লাহোর, জবাবে রাইলি রুশো ও হাসান নওয়াজের ব্যাটে ভর করে সহজ জয় পায় কোয়েট্টা।

৮ দলের টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পেশোয়ার। ৭ ম্যাচে ৬ জয়, বাকি একটি পরিত্যক্ত—দাপুটে পারফরম্যান্সই বলে দিচ্ছে কেন তারা সবার আগে জায়গা করে নিল শেষ চারে। এই সাফল্যে রয়েছে বাংলাদেশের ছোঁয়াও।

বল হাতে নজর কেড়েছেন নাহিদ রানা। ৪ ম্যাচে ৭ উইকেট, ইকোনমি মাত্র ৫.৪২। গতি আর নিয়ন্ত্রণে তিনি হয়ে উঠেছেন প্রতিপক্ষের জন্য আতঙ্ক। আরেক পেসার শরিফুল ইসলামও নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন, ৫ ম্যাচে তুলে নিয়েছেন ২ উইকেট।

দলে থাকা আরেক বাংলাদেশি তানজিদ হাসান তামিম এখনো মাঠে নামার সুযোগ পাননি। তবে ডাগআউট থেকেই শিখছেন, অভিজ্ঞতা জমিয়েছেন। এদিকে জাতীয় দলের দায়িত্বে থাকায় এই তিন ক্রিকেটারই এখন ব্যস্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে। তবে পিএসএলের মঞ্চে তাদের অবদান ইতোমধ্যেই আলোচনায়।

লিগ পর্বে এখনও তিনটি ম্যাচ বাকি পেশোয়ারের। সামনে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস ও লাহোর কালান্দার্স। তবে প্লে-অফ নিশ্চিত হওয়ায় এখন লক্ষ্য একটাই, শিরোপার পথে গতি ধরে রাখা।

এমআই