Advertisement
Us Bangla Airlines
বিশেষ ম্যাচে লিটন খেলেন ভাগ্যের সহায়তা পেলে

বিশেষ ম্যাচে লিটন খেলেন ভাগ্যের সহায়তা পেলে

ইকবাল আজাদ

২০ এপ্রিল ২০২৬, ১৩:৩৫

দৃষ্টিনন্দন শটে বিশ্বসেরাদের নজর কেড়েছেন লিটন দাস। কিন্তু ধারাবাহিকতায় তার সেই দৃষ্টিনন্দন ব্যাপারটি নেই। জাতীয় দলে প্রায় এক যুগ খেলে যাওয়া লিটন এখন সিনিয়রদের কাতারে। কেবল ভালো পারফরম্যান্স নয়, দলকে গুছিয়ে রাখাও এখন তার দায়িত্ব। কিন্তু দলকে গোছানোর পরিবর্তে ব্যাট হাতে অগোছালো লিটনই বেশি আলোচনায়। মাঠের পারফরম্যান্সে কালেভদ্রে সাড়া জাগান লিটন দাস। ওয়ানডে ফরম্যাটে তার পারফরম্যান্স অবশ্য ‘কালেভদ্রে’ সীমার নিচে।

২০১৫ সালের জুনে জাতীয় দলে অভিষেক হয় লিটনের। ভারতের বিপক্ষে প্রথমে টেস্ট, পরে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় তার। টেকনিক্যালি বেশ দক্ষ হওয়ায় সেই সিরিজেই দৃষ্টিনন্দন শটে প্রশংসা কুড়ান লিটন। কিন্তু বুদ্ধিহীন শট আর আত্মবিশ্বাসের অভাবে পরবর্তীতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ওয়ানডে ক্যারিয়ারে মাত্র একবার তার ব্যাটিং গড় ৩৫ ছুঁয়েছে। আধুনিক ক্রিকেটে এই গড়ও বেশ বেমানান। কিন্তু লিটনের সেই গড় কমতে কমতে ৩০ এর নিচে নেমেছে।

গত দুই বছরে ওয়ানডেতে দুর্বিষহ সময় পার করেছেন লিটন দাস। ২০২৪ ও ২০২৫—এই দুই বছরে ছয় ম্যাচ খেলে লিটন করেছেন কেবল ৬ রান। ফলে সিনিয়র হয়েও দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। তবুও আহামরি পারফরম্যান্স না করে চলতি বছর পাকিস্তান সিরিজে ফিরেছেন লিটন। সবশেষ তিন ইনিংসে টানা চল্লিশোর্ধ্ব ইনিংস খেলে ব্যাটিং গড়কে ৩০ এ উন্নীত করেছেন তিনি। কিন্তু এতেও ছিল না স্বস্তির খবর। এই তিন ম্যাচের দুটোতেই হেরেছে বাংলাদেশ, প্রয়োজনীয় মুহূর্তে উইকেট হারিয়ে বিপদ বাড়িয়েছেন লিটন।

ব্যাটিংয়ে হতশ্রী পারফরম্যান্সের আলোচনা ছাপিয়ে এবার শততম ম্যাচ নিয়ে শিরোনামে লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল ওয়ানডেতে শততম ম্যাচ খেলবেন এই অভিজ্ঞ ব্যাটার। কিন্তু লিটনের বিশেষ ম্যাচ মানে শঙ্কা আর ভয়। বিশেষ ম্যাচে এই ক্রিকেটার লড়েছেন নিজের ভাগ্যের সঙ্গে, অন্যদিকে সেসব ম্যাচে প্রতিবারই হেরেছে বাংলাদেশ দল। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সিরিজ হারার আশঙ্কা করা অমূলক নয়। বরং লিটন কী করেন সেটাই এখন দেখার বিষয়।

গেল বছরের জুনে টেস্টে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে যথাক্রমে ৩৪ এবং ১৪ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু ম্যাচটা বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। মাইলফলকের ম্যাচে মলিন হয়ে গিয়েছিল লিটনের স্মৃতি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডেতে ৫০তম ম্যাচ খেলেছিলেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে দলের সর্বোচ্চ ৮৬ রান করেছিলেন এই ব্যাটার। কিন্তু বাকিদের ব্যাটিং ব্যর্থতায় সেই ম্যাচে টাইগাররা ৫৯ বল আগেই সাত উইকেটে ম্যাচ হেরেছিল।

টি-টোয়েন্টিতে ২০২২ সালের জুলাইতে 'ম্যাচের ফিফটি' করেছিলেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছিল কেবল ৫ রান। দল হেরেছিল ৩৫ রানে। টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যে শততম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন লিটন। গত বছর পাকিস্তানের বিপক্ষে ৯ বলে মাত্র ৬ রান করে আউট হয়েছিলেন টাইগার অধিনায়ক। সেই ম্যাচে ৭৫ রানে হেরেছিল বাংলাদেশ। মাইলফলকের ম্যাচে লিটনের এমন ম্যাড়মেড়ে পারফরম্যান্স আশার পরিবর্তে শঙ্কার মেঘকে বেশি প্রাধান্য দিচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজ জিততে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। শততম ম্যাচে সাফল্য পেতে লিটনও এই ম্যাচের ভাগ্যের দিকে তাকিয়ে থাকবেন। বিশেষ ম্যাচে লিটনের ভাগ্য যে সহায় হয় না। তবুও মাইলফলকের ম্যাচে আবার ভাগ্যের লড়াইয়ে নামবেন লিটন। অধারাবাহিক ব্যাট আর দুর্ভাগা লিটনের কপালে বিশেষ দিনে বিশেষ কিছু রচিত হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

এমআই