নাহিদের গতির ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড
খেলা ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ১৫:১৯
মিরপুরে গতি আর নিয়ন্ত্রণের দারুণ প্রদর্শনী করলেন নাহিদ রানা। তার আগুনে বোলিংয়ে ১৯৮ রানেই থেমে গেল নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দেননি এই ডানহাতি পেসার। সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের লক্ষ্য ১৯৯ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতেই হারায় ২ উইকেট, দুটিই নাহিদের শিকার। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম চার ওভারে কিউইদের স্কোর ছিল মাত্র ৩ রান।
পঞ্চম ওভারে নিক কেলির ব্যাটে আসে ইনিংসের প্রথম বাউন্ডারি। পরপর তিনটি চার এলেও রানের গতি বাড়াতে পারেনি সফরকারীরা। অষ্টম ওভারে বল হাতে নিয়েই আবার আঘাত করেন নাহিদ। হেনরি নিকোলস এলবিডব্লিউ, পরের ওভারে উইল ইয়াং ক্যাচ আউট। ২৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
সৌম্য সরকারের বলে বিদায় নেন অধিনায়ক টম ল্যাথাম। লিটন দাসের নিচু ক্যাচে ১৪ রান করে ফিরতে হয় তাকে। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর ইনিংস গড়ার চেষ্টা করেন নিক কেলি। মুহাম্মদ আব্বাসকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন তিনি। ৬৬ বলে ৯ চারে নিজের প্রথম ওয়ানডে ফিফটি তুলে নেন কেলি।

এই জুটিও ভাঙেন নাহিদ। ১৯ রানে আব্বাসকে ফেরানোর পর কেলিকে থামান শরিফুল ইসলাম। ১০২ বলে ১৪ চারে ৮৩ রান করেন কিউই ওপেনার, সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে। এরপর দ্রুত ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। রিশাদ হোসেন, শরিফুল ও নাহিদের ধারাবাহিক আঘাতে লড়াইয়ে ফিরতে পারেনি কেউই।
নিজের শেষ ওভারে পঞ্চম উইকেট তুলে নেন নাহিদ। জেইডেন লেনক্সকে ইয়র্কারে বোল্ড করে পূর্ণ করেন ফাইফার। ৩২ রানে ৫ উইকেট নিয়ে বোলিং শেষ করেন তিনি। এক মাসের ব্যবধানে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেটের সাফল্য। ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। শেষদিকে তাসকিনের বলে উইলিয়াম ও’রোর্কের ক্যাচ নেন তাওহীদ হৃদয়।
প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। একাদশে একটি পরিবর্তন এনে আফিফ হোসেনের জায়গায় খেলছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ড নেমেছে অপরিবর্তিত দল নিয়ে। এখন লক্ষ্য ১৯৯। নাহিদের দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে কাজটা শেষ করতে পারে কি বাংলাদেশ, সেটিই দেখার।
এমআই