৮৪৯ দিন পর জয়ের দেখা পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ১৮:৩৩
মিরপুরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বাংলাদেশের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ জয়ের পর কেটে গেছে ৮৪৯ দিন। সেই আক্ষেপ ঘুচিয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিল মেহেদী হাসান মিরাজের দল। এই জয়ের মাধ্যমে সিরিজে সমতা ফিরেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র ২৮ রান তুলতেই হারায় ২ উইকেট। পুরো ইনিংস জুড়েই ছিল ধীরগতির ছাপ। নাহিদ রানার আগুনে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। শেষ পর্যন্ত তারা থামে ১৯৮ রানে।
নিক কেলি একাই লড়াই করেন। ১০২ বলে ৮৩ রানের ইনিংসে ১৪টি চার মেরে তিনি ইনিংস গড়ার চেষ্টা করলেও বাকিরা ব্যর্থ হন। বাংলাদেশের হয়ে নাহিদ নেন ৫ উইকেট, শরিফুল ও রিশাদ পান গুরুত্বপূর্ণ সাফল্য।

১৯৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল আক্রমণাত্মক। সাইফ হাসান প্রথম বল থেকেই চার মেরে ইতিবাচক বার্তা দেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি, আউট হন ৮ রানে। সৌম্য সরকারও ছক্কা মেরে আভাস দিলেও থিতু হতে পারেননি, ফিরে যান ৮ রানে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
দুজন মিলে গড়েন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ম্যাচ প্রায় বাংলাদেশের দখলে নিয়ে যায়। তামিম খেলেন ৫৮ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস, মারেন ১০টি চার ও ৪টি ছক্কা। শান্ত ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন। শেষ পর্যন্ত ৮৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪৯ দিনের অপেক্ষার অবসান ঘটল। অবশ্য প্রথম ম্যাচে ২৬ রানের হারের পর সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে কোনো ভুল করেনি বাংলাদেশ।
এমআই