উড়িয়ে এনেও মোসাদ্দেককে দলে জায়গা দিল না বিসিবি
খেলা ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ২১:২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর যখন সিরিজ নির্ধারণী ম্যাচের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, তখন দল ঘোষণাকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক আলোচনা। সিলেট থেকে ঢাকায় ডেকে এনেও শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পেলেন না মোসাদ্দেক হোসেন সৈকত।
সোমবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। এখন লক্ষ্য চট্টগ্রামে শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। সেই ম্যাচের জন্য সন্ধ্যায় দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তৃতীয় ওয়ানডের দলে থাকার জোর সম্ভাবনা ছিল মোসাদ্দেকেরও। সেই কারণেই সকালে তাকে সিলেট থেকে ঢাকায় আনা হয়। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সিদ্ধান্ত। স্কোয়াডে জায়গা না পাওয়ায় আবারও সিলেটে ফিরে যাচ্ছেন মোসাদ্দেক। সেখানে তিনি বিসিএলে সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন।
মোসাদ্দেককে কেন সিলেট থেকে উড়িয়ে আনা হলো, কেন দলে যুক্ত করা হলো না—এর কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। যদিও গেল বিপিএলের আগে ম্যাচ ফিক্সিং সন্দেহে মোসাদ্দেককে ঘরোয়া লিগে খেলার সুযোগ দেয়নি। তবে কি সেই বিতর্কে আটকে গেলেন এই অলরাউন্ডার?
শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।
এমআই