ম্যাচ জিতিয়ে সুখবর পেলেন বাংলাদেশি ক্রিকেটার
খেলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১৬:৫৮
শুরুর ধাক্কা সামলে ইনিংস গড়ার দৃঢ়তা ও জয়ের পথে দলকে টেনে নেওয়ার আত্মবিশ্বাসে দারুণ এক ইনিংস খেলেছিলেন শারমিন আক্তার। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচজেতানো ফিফটির পুরস্কার মিলল আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও। এক ধাক্কায় বেশ কয়েক ধাপ এগিয়ে গেছেন বাংলাদেশি এই টপ অর্ডার ব্যাটার।
মঙ্গলবার প্রকাশিত মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে দেখা গেছে, ব্যাটারদের তালিকায় শারমিন উঠে এসেছেন ২২তম স্থানে। সাত ধাপ উন্নতি করে এখন তিনি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে।
রাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই হারায় দুই উইকেট। সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন শারমিন। ১৩টি চারে ৮৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান তিনি। ৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচসেরা নির্বাচিত হন শারমিন আক্তার। এই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সোবহানা মোস্তারিও। ৬টি চারে ৪১ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তার পারফরম্যান্সেও প্রতিফলন ঘটেছে র্যাঙ্কিংয়ে। আট ধাপ এগিয়ে এখন তিনি ৫০তম স্থানে।
বোলারদের তালিকাতেও অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩৮ রানে ২ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে এটিই সেরা অবস্থান। লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ উন্নতি করে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। পেসার মারুফা রয়েছেন যৌথভাবে ৪৩তম স্থানে আছেন।
মেয়েদের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যাশলি গার্ডনার।
এমআই