শূন্য রানে আউট হতে যাওয়া ফখরের ব্যাটে সেঞ্চুরি
খেলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১৯:১৬
আলজারি জোসেফকে লক্ষ্য করে নব্বইয়ের ঘরে পৌঁছানোর পর আর থামার সুযোগ রাখলেন না ফখর জামান। আবরার আহমেদের ওভারে টানা চার ও ছক্কায় তুলে নিলেন সেঞ্চুরি। লাহোর কালান্দার্সের এই ওপেনারের ব্যাটিং ঝড়ে নতুন করে উত্তাপ ছড়াল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মঙ্গলবার ৫১ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ফখর। ৬টি ছক্কা আর ১৪টি চারের এই ইনিংস ছিল বিধ্বংসী গতির এক প্রদর্শনী। চলমান আসরে এটি তার প্রথম সেঞ্চুরি হলেও পিএসএল ক্যারিয়ারে এটি তৃতীয় শতক। সবগুলোই করেছেন লাহোরের জার্সিতে।
এই সেঞ্চুরির মধ্য দিয়ে টি টোয়েন্টিতে নিজের চতুর্থ শতক পূর্ণ করলেন ফখর। আর পিএসএলের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় তিনি এখন যৌথভাবে শীর্ষে, যেখানে আছেন বাবর আজম, রাইলি রুশো, কামরান আকমল ও উসমান খান। প্রত্যেকেই তিনটি করে সেঞ্চুরি করেছেন।
ফখরের ইনিংসের শুরুটা অবশ্য সহজ ছিল না। রানের খাতা খোলার আগে তার বিপক্ষে রিভিউ নিয়েছিল কোয়েটা। তবে বল ব্যাট ছোঁয়ায় সেই যাত্রায় বেঁচে যান ফখর। প্রথম দুই ওভারে কোনো রান না পেলেও চতুর্থ ওভারে খালিল আহমেদের বিপক্ষে টানা তিনটি চার মেরে ছন্দ খুঁজে নেন তিনি।
এরপর পাওয়ার প্লের শেষ ওভারে ব্রেট হ্যাম্পটনের ওভারে দুই ছক্কা ও দুই চারে তুলে নেন ২২ রান। নবম ওভারে পঞ্চাশ স্পর্শ করার পর ফখরের ব্যাটে আরও আগ্রাসন দেখা যায়।পঞ্চদশ ওভারে আবরারকে ছক্কা মেরে পূর্ণ করেন তিন অঙ্ক। একই ম্যাচে লাহোরের মাটিতে হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন এই ওপেনার।
৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর উসমান তারিকের বলে ছক্কার চেষ্টায় ক্যাচ তুলে দিয়ে থামেন ফখর, শেষ হয় তার দারুণ ইনিংস।
এমআই