Advertisement
Us Bangla Airlines
৩০০ উইকেট পাওয়া নাইমকে কেন দুর্ভাগা বললেন রাজিন

৩০০ উইকেট পাওয়া নাইমকে কেন দুর্ভাগা বললেন রাজিন

খেলা ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ২২:০৯

আড়াই বছর পর লাল বলের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে ফিরতেই আলো ছড়ালেন নাইম হাসান। প্রথম দিনেই ছুঁয়ে ফেললেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক। ২৬ বছর বয়সী এই স্পিনার আবারও মনে করিয়ে দিলেন নিজের সামর্থ্য।

তবু জাতীয় দলে নিয়মিত জায়গা মেলেনি তার। এই বাস্তবতায় নাইমকে কিছুটা দুর্ভাগা বলেই মনে করেন সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ। তার মতে, একই পজিশনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকায় সুযোগ কম পেয়েছেন এই অফস্পিনার।

সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজিন বলেন, ‘নাইম অবশ্যই ভালো বোলার। কিন্তু একই জায়গায় থাকা মেহেদী হাসান মিরাজ নিজেকে প্রমাণ করেছেন নিয়মিত পারফরম্যান্স দিয়ে। সেই কারণেই একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছেন নাইম। এখন পর্যন্ত মাত্র ১৪টি টেস্ট খেলা তার ক্যারিয়ারেরই প্রতিফলন।’

রাজিনের বিশ্বাস, ‘সামনে সুযোগ এলে নিজেকে প্রমাণ করতে পারবেন নাইম। সুযোগ পেলে নাইম টেস্ট দলে অবদান রাখতে সক্ষম।’

সামনেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, এরপর অস্ট্রেলিয়া সফর। এই প্রস্তুতির জন্য চলমান বিসিএলকে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন রাজিন। তার মতে, লাল বলের এই প্রতিযোগিতা খেলোয়াড়দের ম্যাচ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।

এদিকে তরুণ অলরাউন্ডার তোফায়েল আহমেদেরও প্রশংসা করেছেন তিনি। রাজিনের চোখে, ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ভবিষ্যতে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারেন এই ক্রিকেটার।

এমআই