জাতীয় দলে ফিরে যা বললেন রিপন মণ্ডল
খেলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ২৩:০৭
দীর্ঘ অপেক্ষার পর আবারও জাতীয় দলে ফিরলেন রিপন মণ্ডল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছেন ডানহাতি এই পেসার। ফিরে পাওয়ার এই মুহূর্তে আবেগ ছুঁয়ে গেছে তাকে, আর সেটাই উঠে এসেছে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও কোনো ম্যাচের একাদশে সুযোগ হয়নি রিপনের। এরপর দীর্ঘ সময় ছিলেন দলের বাইরে। অবশেষে আবার সুযোগ পেয়ে আনন্দটা ভাগ করে নিলেন ভিন্ন একভাবে।
ছেলের একটি ছবি পোস্ট করে রিপন লিখেছেন, এই হাসিমুখই বলে দিচ্ছে দিনটি তার ও তার পরিবারের জন্য কতটা আনন্দের। যতদিন ক্রিকেট খেলবেন, এই আনন্দ যেন পরিবারের চোখে-মুখে দেখতে পারেন—এমন প্রার্থনাও করেছেন তিনি।
সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই পেসার। তার ভাষায়, প্রশংসা তাকে অনুপ্রাণিত করে, আর সমালোচনা তাকে নিজের ভুল ধরতে সাহায্য করে। কোথাও ঘাটতি থাকলে সেটি বুঝে আরও বেশি পরিশ্রম করার প্রেরণা পান তিনি।
রিপন অনুরোধ জানিয়েছেন, ভালো করলে যেমন প্রশংসা করা হয়, তেমনি খারাপ খেললে যেন গঠনমূলক সমালোচনাও করা হয়। কারণ সেই সমালোচনাই তাকে আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে। নিজের পরিবারের মতোই সমর্থকদেরও পাশে চান তিনি।
শেষে সবার কাছে দোয়া চেয়েছেন রিপন। জাতীয় দলে ফেরার এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।
এমআই