Advertisement
Us Bangla Airlines
র‌্যাংকিংয়ে নাহিদ-রিশাদের উন্নতি, এগিয়েছেন তামিমও

র‌্যাংকিংয়ে নাহিদ-রিশাদের উন্নতি, এগিয়েছেন তামিমও

খেলা ডেস্ক

২২ এপ্রিল ২০২৬, ১৫:৩৯

নিউজিল্যান্ডের বিপক্ষে টানটান ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ১-১, সমীকরণ এখনো খোলা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়েও জয়ের ছাপ রেখেছেন টাইগাররা। বিশেষ করে দ্বিতীয় ম্যাচের দাপুটে পারফরম্যান্স বদলে দিয়েছে একাধিক ক্রিকেটারের অবস্থান।

রানতাড়ার সেই ম্যাচে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ইনিংসটি শুধু দলকে জিততেই সাহায্য করেনি, ব্যক্তিগত র‌্যাংকিংয়েও এনে দিয়েছে বড় অগ্রগতি। ১৪ ধাপ এগিয়ে এখন তিনি ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৪০ নম্বরে।

একই ম্যাচে ঠান্ডা মাথার ব্যাটিংয়ে অপরাজিত ৩০ রান করা তাওহীদ হৃদয়ও পিছিয়ে নেই। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ২৬ নম্বরে, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন। এদিকে সিরিজে না খেললেও ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

বোলারদের র‌্যাংকিংয়েও বাংলাদেশের উপস্থিতি চোখে পড়ার মতো। দ্বিতীয় ম্যাচে রিশাদ হোসেন ও নাহিদ রানা মিলে ভাগাভাগি করেছেন ছয় উইকেট। এক উইকেট পেলেও ১০ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে উঠে এসেছেন রিশাদ। আর পাঁচ উইকেট শিকার করে সবচেয়ে বড় লাফটি দিয়েছেন নাহিদ। ৩২ ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৬৪ নম্বরে।

দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরে শরিফুল ইসলামও নিজের ছাপ রেখেছেন জোরালোভাবে। দুই ম্যাচেই দুটি করে উইকেট নিয়ে ২৪ বছর বয়সী এই পেসার উঠে এসেছেন ৩৯ নম্বরে। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জন্য র‌্যাংকিংটা খুব একটা সুখকর হয়নি। মাত্র এক উইকেট নিয়ে দুই ধাপ পিছিয়ে এখন তিনি আট নম্বরে।

ইনজুরির কারণে সিরিজে না খেলায় সাত ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন মোস্তাফিজুর রহমান। মাঠে লড়াই চলছে সমান তালে, আর র‌্যাংকিংয়ের এই ওঠানামা মনে করিয়ে দিচ্ছে, প্রতিটি পারফরম্যান্সই মুহূর্তে বদলে দিতে পারে পুরো চিত্র।

এমআই