মোস্তাফিজদের দলের মালিকানা কিনে যা বললেন বেলিংহাম
খেলা ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১৭:০৭
ফুটবলের সবুজ মাঠ পেরিয়ে এবার ক্রিকেটের অঙ্গনে নাম লিখিয়েছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার কিনেছেন বার্মিংহাম ফিনিক্সের আংশিক মালিকানা। ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডের দলটির ১.২ শতাংশ শেয়ার কিনতে বেলিংহামের খরচ হয়েছে প্রায় ১০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৬ কোটি ৬০ লাখ টাকা।
এই দলেই খেলবেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। গত ১২ মার্চের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। টি-টোয়েন্টি স্বীকৃত এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। অর্থাৎ নিজের প্রথম আসরেই তিনি খেলবেন বেলিংহামের মালিকানাধীন দলে। নতুন মৌসুম শুরু হবে আগামী ২১ জুলাই।
বার্মিংহামের ছেলে বেলিংহামের এই বিনিয়োগ যেন শেকড়ে ফেরার গল্প। বার্মিংহাম সিটির একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার ১৬ বছর বয়সেই মূল দলে অভিষেক করেন। পরে বরুসিয়া ডর্টমুন্ড হয়ে ২০২৩ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে বড় অঙ্কের ট্রান্সফারে।
ক্রিকেটের প্রতিও তার টান দীর্ঘদিনের। কৈশোরে স্থানীয় ক্লাবে খেলেছেন, এখনো সুযোগ পেলে ক্রিকেটের সঙ্গে থাকতে চান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এক দিনের জন্য পেশা বদলের সুযোগ পেলে বেছে নেবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে।
মোস্তাফিজদের দলের মালিকানা কিনে বেলিংহাম বলেন, ‘আমি বার্মিংহামকে ভালোবাসি। এই শহর আমার জন্য যা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি ক্রিকেটও খুব ভালোবাসি। তাই সুযোগ পাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি। এই যাত্রায় যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।’
নিজের শহরের প্রতি টান আরও স্পষ্ট করে তিনি বলেন, ‘বার্মিংহাম, স্টোরব্রিজ এবং পুরো ওয়েস্ট মিডল্যান্ডসের কাছে আমি কৃতজ্ঞ। বার্মিংহাম সিটির মাধ্যমে আমি জীবন ও ফুটবলের অনেক শিক্ষা পেয়েছি। আমার মনে হয়, শহরের কাছে আমার কিছু ফিরিয়ে দেওয়ার আছে।’
শুধু বিনিয়োগ নয়, ভবিষ্যৎ প্রজন্ম নিয়েও ভাবছেন এই ইংলিশ তারকা। বেলিংহাম আরও বলেন, ‘শিশুদের বাইরে গিয়ে খেলাধুলায় অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেউ ফুটবল বেছে নেবে, কেউ ক্রিকেট। আমি যদি কোনোভাবে তাদের জন্য সুযোগ তৈরি করতে পারি, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার হবে।’
এমআই