Advertisement
Us Bangla Airlines
আকবর-প্রিতমের সেঞ্চুরি, রানের দেখা পেলেন মুশফিক

আকবর-প্রিতমের সেঞ্চুরি, রানের দেখা পেলেন মুশফিক

খেলা ডেস্ক

২২ এপ্রিল ২০২৬, ১৯:২৪

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যাটারদের দাপটে জমে উঠেছে দ্বিতীয় দিনের খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে রানের বন্যায় উজ্জ্বল দিন কাটিয়েছে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ব্যাটাররা। দিনের আলো সবচেয়ে বেশি কাড়ে আকবর আলী ও প্রিতম কুমারের জুটি, আর অন্য প্রান্তে অভিজ্ঞতার আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিম।

দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হওয়ার পর উত্তরাঞ্চল দ্বিতীয় দিন শেষ করে ৬ উইকেটে ৩৭৯ রান নিয়ে। এখন তারা এগিয়ে আছে ৬৫ রানে। দিনের শুরুতে কিছুটা চাপে পড়ে উত্তরাঞ্চল। ২৮ রানে হারায় প্রথম উইকেট, এরপর ৫৩ রানে আরও দুই উইকেট। কিন্তু সেখান থেকেই ম্যাচের চিত্র বদলে দেন আকবর আলী ও প্রিতম কুমার।

চতুর্থ উইকেটে গড়ে তোলেন ২৩৩ রানের বিশাল জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৫৮ বলে ১২১ রান করেন আকবর আলী, ইনিংসে ছিল ১৫ চার ও ২ ছক্কা। এটি তার প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি। অন্য প্রান্তে আরও ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেন প্রিতম কুমার। ১৮৪ বলে ১৫১ রানে অপরাজিত থাকেন তিনি। এটি তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

অন্যদিকে একই দিনে মধ্যাঞ্চলের ইনিংসে আলোচনায় ছিলেন আবু হায়দার রনি ও আশিকুর রহমান শিবলি। ৯০ রানে দিন শুরু করা আবু হায়দার কোনো রান যোগ না করেই আউট হন। আশিকুর ৮৬ রানে থামেন। তাদের দল অলআউট হয় ৩০৭ রানে, যেখানে ইবাদত হোসেন নেন ৪ উইকেট।

পূর্বাঞ্চলের ইনিংসেও ব্যাট হাতে দৃঢ়তা দেখান অভিজ্ঞ ও তরুণরা। দিন শেষে তারা ৩ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করেছে। উইকেটকিপার অমিত হাসান ৮৮ রানে এবং সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৫৯ রানে অপরাজিত আছেন। ওপেনার মাহমুদুল হাসান জয় করেন ৬৪ রান।

এমআই