এবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ
খেলা ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ২০:২৪
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের মধ্যেই বড় ধরনের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা সরকার। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান কমিটিকে চলতি সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
বুধবার এএফপিকে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বোর্ড পুনর্গঠনের অংশ হিসেবে নতুন প্রশাসনের পথ তৈরি করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, শিগগিরই একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রশাসন দায়িত্ব নিতে পারে।
শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরেই বোর্ডটির শীর্ষ পর্যায়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। বর্তমানে সভাপতির দায়িত্বে আছেন শাম্মি সিলভা, যিনি চার মেয়াদ ধরে নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। দীর্ঘ আলোচনার পর ২০২৪ সালের জানুয়ারিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে শ্রীলঙ্কা। তবে ঘরের মাঠে আয়োজিত সেই টুর্নামেন্টে সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর থেকেই বোর্ডের বিরুদ্ধে সংস্কারের দাবি আরও জোরালো হয়।
এমআই